পার্বতীপুরে বন বিভাগের জমি বিক্রির অভিযোগ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বন বিভাগের আট শতক জমি ভুয়া দলিলের মাধ্যমে এক ব্যক্তি বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া বন বিভাগের আরও জমি বিক্রি করার চেষ্টা চলছে।বন বিভাগের মধ্যপাড়া কার্যালয় সূত্রে জানা গেছে, মধ্যপাড়া বিটের অধীন দক্ষিণ হরিরামপুর মৌজার সিএস ৪২০ নম্বর খতিয়ানের ৫২৭১ নম্বর দাগের ৯ দশমিক ৪১ একর জমি বেশ কিছুদিন ধরে বিক্রির মাধ্যমে হস্তান্তরের চেষ্টা চালানো হচ্ছে। দক্ষিণ হরিরামপুর এলাকার আবদুল লতিফ মোল্লাসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ভুয়া দলিলের মাধ্যমে ওই জমি বিক্রির উদ্যোগ নিয়েছেন। বিষয়টি জানতে পেরে মধ্যপাড়া বনবিট কার্যালয় ২০১১ সালের ১৪ ডিসেম্বর উপজেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়ে ওই জমির গেজেটের অনুলিপিসহ একটি পত্র পাঠান। কিন্তু তৎকালীন উপজেলা সাবরেজিস্ট্রার এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি। এ কারণে গত বছরের ১৮ সেপ্টেম্বর লতিফ মোল্লা এর মধ্যে সাড়ে আট শতক জমি চারজনের কাছে বিক্রি করে দেন।আবদুল লতিফ মোল্লা দাবি করেন, ১৯৬২ সালের রেকর্ড অনুযায়ী এসব জমি তাঁর পূর্বপুরুষদের। একসময় এসব জমি বন বিভাগের দখলে ছিল।পার্বতীপুর উপজেলা সাবরেজিস্ট্রার তাজিবর রহমান বলেন, ‘ওই সময় আমার পার্বতীপুরে পোস্টিং ছিল না। বর্তমানে খণ্ডকালীন দায়িত্ব পালন করছি। তবে জেনেছি দিনাজপুর জেলা রেজিস্ট্রার বিষয়টি তদন্তের দায়িত্বে আছেন।’মধ্যপাড়া বনবিট কর্মকর্তা সনাতন কুমার বলেন, উপজেলা প্রশাসনের সহযোগিতা ছাড়া বন বিভাগের জমি বিক্রি রোধ করা সম্ভব নয়।