পার্বতীপুরে বেড়েছে চুরি ও ছিনতাই
দিনাজপুরের পার্বতীপুরে সম্প্রতি গরু চুরি ও মোটরসাইকেল ছিনতাই বেড়েছে। গত ১০ দিনে উপজেলার রামপুর ইউনিয়নের তিনটি গ্রাম থেকে নয়টি ও মন্মথপুর ইউনিয়নের মন্মথপুর মাঝাপাড়া গ্রাম থেকে সাতটি গরু চুরি হয়েছে।
স্থানীয় লোকজন জানান, বৃত্তিপাড়া গ্রামের আফজালের বাড়ি থেকে গত শুক্রবার গভীর রাতে দুটি ও বুধবার সরকারপাড়া গ্রামের মাহফিজুল ইসলামের বাড়ি থেকে তিনটি, ডাঙ্গাপাড়া গ্রামের মকবুলের বাড়ি থেকে দুটি ও বাসুপাড়া গ্রামের নির্মল চন্দ্রের বাড়ি থেকে দুটি গরু চুরি হয়।
এ ছাড়া ১৭ ডিসেম্বর মন্মথপুর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের গোলজারের বাড়ি থেকে চারটি ও ২০ ডিসেম্বর মোক্তারের বাড়ি থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটে।
এদিকে শুক্রবার রাতে বাসুপাড়া রেললাইন এলাকায় একদল ছিনতাইকারী নজরুল ইসলাম নামের আদালতের এক পিয়নের মোটরসাইকেল ছিনিয়ে নেয়। তিনি বাসুপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। পার্বতীপুর মডেল থানার ওসি নুরুজ্জামান চৌধুরী বলেন, সব চুরির ঘটনায় মামলা হয়নি।