দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা এম এ ওহাব সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার (অর্থ) মুক্তিযোদ্ধা সেলিম উদ্দীন সরকার ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রিয়াজ মাহমুদের নেতৃত্বে গত বৃহস্পতিবার রাতে শহরের রেলওয়ে পার্ক এলাকার মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ কার্যালয় দখল করে নেওয়া হয়। পরে মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ কার্যালয়ে ‘বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা ক্লাব কার্যালয়’ লেখা একটি ডিজিটাল ব্যানার লাগিয়ে দেওয়া হয়।
এ ছাড়া একটি মিছিল বিভিন্ন সড়ক ঘুরে এসে শহরের ঢাকা মোড়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে তালা লাগিয়ে দেয়। এদিকে সেলিম উদ্দীন ও রিয়াজ মাহমুদসহ একদল মুক্তিযোদ্ধা গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল হাই ও ডেপুটি কমান্ডার সিদ্দিক হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
পার্বতীপুর রেলস্টেশনের পয়েন্টসম্যান শমসের আলী (৫৩) ও সাহেবপাড়ার ক্ষুদ্র ব্যবসায়ী রমজান আলী (৪৫) বলেন, মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ কার্যালয়টি সাত-আট বছর ধরে আ. হাই ও সিদ্দিক হোসেনের নেতৃত্বে পরিচালিত হচ্ছিল। তারও আগে ভবনটি পার্বতীপুরের রেল কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের কাজে (পে-অফিস) ব্যবহৃত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে তালা ও মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ কার্যালয় দখলের ব্যাপারে জানতে চাইলে এম এ ওহাব সরকার বলেন, সেলিম উদ্দীনসহ অনেক মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে নিয়মিত বসার জন্য কমান্ডার ও ডেপুটি কমান্ডারের কাছে বারবার চাবি চেয়েও না পাওয়ায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা কমান্ড কার্যালয়ে তালা লাগিয়েছেন।
এদিকে সেলিম উদ্দীন ও রিয়াজ মাহমুদসহ একদল মুক্তিযোদ্ধা স্থানীয় বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ে গতকাল ওই সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন রিয়াজ মাহমুদ। তিনি অভিযোগ করে বলেন, আ. হাই ও সিদ্দিক হোসেন ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সমাবেশে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সাংসদ ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিকের নামে কটূক্তি ও অবমাননাকর বক্তব্য দিয়েছেন। এ কারণে পার্বতীপুরের সাধারণ মুক্তিযোদ্ধারা গতকাল থেকে তাঁদের দুজনকে অবাঞ্ছিত ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে ওই দুজনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সংসদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতেরও অভিযোগ আনা হয়।
কটূক্তি ও অর্থ আত্মসাতের অভিযোগের ব্যাপারে আ. হাই বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মুক্তিযোদ্ধা সমাবেশে কারও বিরুদ্ধে কোনো কটূক্তি বা কোনো অবমাননাকর বক্তব্য দেওয়া হয়নি। এ বিষয়ে কথা বলতে সিদ্দিক হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।