পার্বতীপুরে মুরগির খামার ও ২৯ ঘর ভস্মীভূত
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের বাঘাচোড়া ঝাউপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে একটি মুরগির খামার ও সাতটি পরিবারের ২৯টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে চারটি ছাগল ও সহস্রাধিক হাস-মুরগির মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর শতাধিক সদস্য খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।
প্রত্যেক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক দুইটার দিকে ওই গ্রামের নুরুল ইসলাম ফকিরের বাড়িসংলগ্ন মুরগির খামার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুন সাতটি পরিবারের বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ইয়াহিয়া ফকিরের চারটি, নুরুল ইসলাম ফকিরের আটটি, আবু খায়ের ফকিরের চারটি, আজিজার রহমানের তিনটি, খতিবর রহমানের চারটি, আকিবুলের তিনটি ও ফেরদৌসের তিনটি ঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডে মুরগির একটি খামার এবং কয়েক শ মণ ধান, চাল ও আলু পুড়ে যায়।
খবর পেয়ে সৈয়দপুরের ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা রাত তিনটার দিকে ঘটনাস্থলে আসেন। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে তাঁদের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তাঁরা পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেনুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেবেন।