পার্বতীপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫
দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন রজনীগন্ধা মোড়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে ১৫ জন আহত হয়েছেন। গতকাল রোববার এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের জাহানাবাদ গ্রামের মইনুল আরফানকে (৩১) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরো ১০ জনকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় যাত্রীবাহী বাসটি পার্বতীপুর থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিল। পথে রজনীগন্ধা মোড়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। বাসটির চালক ও তাঁর সহকারী পলাতক রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।