পার্বতীপুরে যুবলীগের নেতার দখলে রেলের জমি
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় যুবলীগের এক নেতার বিরুদ্ধে বন বিভাগের গাছ কেটে রেলের দেড় একর জমিতে আমবাগান করার অভিযোগ পাওয়া গেছে।
বন বিভাগের পার্বতীপুরের মধ্যপাড়া রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ১৯৯৯-২০০০ সালে পার্বতীপুর শহরের এক কিলোমিটার উত্তরে পার্বতীপুর-সৈয়দপুর রেলপথ ও সড়কপথের মাঝামাঝি রেলের সাত কিলোমিটার জমিতে শিশুগাছের চারা লাগানো হয়।
মধ্যপাড়া রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, পার্বতীপুর পৌর যুবলীগের সভাপতি রেজাউল করিম ২০০৯ সালে সামাজিক বনায়ন কর্মসূচি এলাকায় রেলওয়ের ৫ দশমিক ৬৭ একর জমি বাংলা ১৪১৭ থেকে ১৪২২ সন পর্যন্ত ইজারা নেন। তিনি ২০১০ সাল থেকে ইজারার বাইরে সামাজিক বনায়ন কর্মসূচির প্রায় দেড় একর জমির প্রচুরসংখ্যক গাছ কেটে সেখানে আমবাগান গড়ে তোলার কাজ শুরু করেন।
রেজাউল করিম বন বিভাগের গাছ কেটে আমবাগান করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রেলের পাকশী অফিস থেকে জমি লিজ নিয়ে আমি সেখানে আমবাগান করেছি।’