পার্বতীপুরে শ্রমিকনেতা লাঞ্ছিত, কাল থেকে ট্যাংক লরি ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে গত রোববার রাতে চাঁদা দিতে অস্বীকার করায় দুই পরিবহন শ্রমিকনেতা সন্ত্রাসীদের হাতে লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ট্যাংক লরি ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে।পার্বতীপুর ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে পার্বতীপুরের চিহ্নিত একদল সন্ত্রাসী মোটরসাইকেলে করে এসে পার্বতীপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়সংলগ্ন রেলগেটে শ্রমিক নেতাদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলুল হক ভূঁইয়া ও দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনকে কিলঘুষি মারে। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় পরিবহন শ্রমিকেরা গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন। এর আগে তাঁরা চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেন। পরে বাস টার্মিনাল মোড়ে শ্রমিকনেতা মঞ্জুরুল আলমের সভাপতিত্বে সমাবেশ হয়।