পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৬ জন
দিনাজপুরের পার্বতীপুরে একই দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার ওই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মহবপুর গ্রামের সাখাওয়াত হোসেন (৫৫) যশাই-আমবাড়ি সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দণ্ডপানি গ্রাম এলাকায় পেছন থেকে একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।
এদিকে রাত পৌনে আটটার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের চান্দাপাড়া উচা ব্রিজের কাছে হাবড়াহাটগামী যাত্রীবোঝাই একটি ব্যাটারিচালিত রিকশাভ্যানের সঙ্গে টেলিযোগাযোগ বিভাগের একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিকশাভ্যানের চালক আসাদুলসহ (২৫), যাত্রী মানিকসহ (৪৫) সাত জন গুরুতর আহত হন। পরে দিবাগত রাত একটার দিকে মানিক মারা যান। তিনি পার্বতীপুরের পলাশবাড়ী ইউনিয়নের হলদিবাড়ি গ্রামের লাল মোহাম্মদের ছেলে।