পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত, ছেলে আহত
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চান্দাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবা নিহত ও ছেলে আহত হয়েছেন। গতকাল রোববার এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের কুটিপাড়া গ্রামের শামসুল হক (৬৫)। এ ঘটনায় তাঁর ছেলে ওবায়দুল হক (২৫) গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওবায়দুল হক তাঁর বাবাকে নিয়ে মোটরসাইকেলে পার্বতীপুর শহর থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন। বেলা দেড়টার দিকে পার্বতীপুর শহর থেকে দুই কিলোমিটার দূরে চান্দাপাড়া সেতুর কাছে একটি রশিতে আটকে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যায়। এতে বাবা ও ছেলে আহত হন। পথচারীরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে শামসুল হককে রংপুর মেডিকেল হাসপাতাল নিয়ে যাওয়ার পথে বেলা তিনটার দিকে তিনি মারা যান।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, গতকাল চান্দাপাড়া সেতুর কাছে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত ও অপর একজন আহত হয়েছেন।