পার্বতীপুরে সরকারি জমি বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর পৌরশহরে সরকারি জমি দখল করে বাড়ি, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। শহরজুড়ে বিভিন্ন স্থানে প্রকাশ্যে এসবের নির্মাণকাজ চললেও কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উল্টো দখলদাররা প্রশাসনের কর্মকর্তাদের অনৈতিক সুবিধা দিয়ে অবাধে নির্মাণকাজ চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান বলেন, পার্বতীপুর শহরের আয়তন প্রায় ৭ দশমিক ৮ বর্গকিলোমিটার। এর প্রায় ৮৫ শতাংশ জমি সরকারের রেলওয়ে, অর্পিত, পরিত্যক্ত, রিলিফ ও সামরিক সম্পত্তির অন্তর্ভুক্ত। এসব জমিতে অবৈধ নির্মাণকাজ বন্ধে ইতিমধ্যে দখলদারদের নোটিশ করা হয়েছে। তাদের আরেক দফা নোটিশ দেওয়া হবে। এতেও কাজ না হলে দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, ১৯৮৪ সালে অর্পিত সম্পত্তি ইজারা বন্ধের প্রজ্ঞাপন জারি করা হয়। বর্তমানে পার্বতীপুরে অর্পিত সম্পত্তি ইজারার প্রায় ৭০০ নথি খোলা রয়েছে। এর অর্ধেকই ১৯৮৪ সালের পরে খোলা হয়েছে।
পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক জানান, পৌর এলাকায় স্থায়ী পাকা অবকাঠামো নির্মাণের জন্য পৌরসভার অনুমতি নেওয়ার বিধান থাকলেও এ ক্ষেত্রে তা মানা হচ্ছে না।
অনুসন্ধানে জানা গেছে, শহরের গুলপাড়া, বাসটার্মিনাল, রুস্তমনগর কলেজপাড়া ও নতুন বাজার এলাকায় সরকারি জমি দখলের প্রবণতা বেশি। নতুন বাজারে প্রেসক্লাবের পেছনে ৯০ শতক পরিত্যক্ত জমির বেশির ভাগ এলাকায় দুই মাস ধরে বিপণিবিতান নির্মাণ করছে বস্ত্র ব্যবসায়ী উন্নয়ন সমিতি ও ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন পার্বতীপুর নামের দুটি সংগঠন। তাদের দেখাদেখি আশপাশে সরকারি জমিতে আরও কয়েকটি স্থাপনা গড়ে উঠছে। উপজেলা ভূমি কার্যালয়কে বিষয়টি জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। বরং কর্মকর্তারা ভুয়া কাগজপত্র তৈরি করে তাঁদের বৈধ ইজারা গ্রহীতা হিসেবে দেখানোর চেষ্টা করছেন।
উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, প্রেসক্লাব এলাকার ৩ দশমিক ৪২ একর জমির মালিকানা নিয়ে শহরের রুস্তমনগর মহল্লার আমানউল্লা নামের এক ব্যক্তির সঙ্গে সরকারের দীর্ঘদিন মামলা চলে। সম্প্রতি আদালত ওই মামলায় সরকারের পক্ষে রায় দেন। এরপর ওই জমি দখলে তৎপর হয়ে যান প্রভাবশালীরা।
২০০৯ সালের ১৮ মার্চ তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্বতীপুরের মোশারফ হোসেন, রেজাউল করিম, সাজেদুল ইসলাম, মাসুদ রানা ও সাহেব আলীর নামে ১৪ শতক জমি ইজারা দেন। এ জন্য তাঁদের কাছ থেকে ১৯৭২ সাল থেকে ২০০৯ সালের মার্চ মাস পর্যন্ত ১৪ শতক জমির বকেয়া খাজনা বাবদ ৩০ হাজার ৩৬ টাকা আদায় করেন। তাঁদের সহযোগিতায় ওই জমিতে বিপণিবিতান নির্মাণ শুরু হয়। গত ১৮ জুলাই ইজারা গ্রহীতা ওই পাঁচজনকে নির্মাণকাজ বন্ধ করতে নোটিশ দেওয়া হয়। কিন্তু ৫ আগস্ট ওই জমির ইজারা নবায়ন করা হয়।
ইউএনও রাহেনুল ইসলাম বলেন, ‘তৎকালীন ইউএনও কিসের ভিত্তিতে তাঁদের ১৪ শতক জমি ইজারা দিয়েছেন, তা আমার বোধগম্য নয়। তবে এবার বকেয়া আদায়ের জন্যই ইজারা নবায়ন করা হয়েছে।’
বস্ত্র ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি আবদুল খালেক ও ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সভাপতি নূর আলম শাহ বলেন, তাঁরা জমি ইজারা চেয়ে আবেদন করেছেন। তবে এখন পর্যন্ত কোনো সাড়া পাননি।
নতুন বাজারের জিকরুল হক গুলপাড়ায় তিনটি দোকানঘর এবং আমিনুল হক নামে এক ব্যক্তি হুগলীপাড়ার উপজেলা মোড়ে দুটি দোকানঘর তুলেছেন।
ফুলবাড়ী উপজেলার শিবনগরের মঞ্জুরুল হক হুগলীপাড়ায় রেস্তোরাঁ করেছেন। তাঁরা জানান, তাঁদের জমির কোনো কাগজ নেই। তবে তাঁরা অন্যজনের কাছ থেকে দখল কিনেছেন। তাঁদের মতো অনেকেই এভাবে ভিন্ন স্থাপনা করেছেন ও করছেন।