পার্বতীপুরে সাঁওতালদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
দিনাজপুরের পার্বতীপুরের মোমিনপুরের কাউহাটোলা গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতালদের ওপর হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখা।
শহরের শহীদ মিনার চত্বরে মানববন্ধনে গতকাল পাঁচ দফা দাবি তুলে ধরেন সংগঠনের দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলেকজান্ডার হাঁসদা। বক্তব্য দেন উপজেলা শাখার সভাপতি রমেশ হাঁসদা, সম্পাদক বিমল মুর্মু, শিবলাল টুডু, আদিবাসী নারী পরিষদের জেলা আহ্বায়ক বাসন্তী মুর্মু, নাগরিক উদ্যোগের মাঠ কর্মকর্তা সৈয়দ আরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা কাউহাটোলায় ১০০ বছর ধরে বসবাসকারী ২১টি সাঁওতাল পরিবারকে ১ একর ৩৭ শতক জমি স্থায়ী বন্দোবস্ত দিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সাঁওতালপল্লিতে হামলাকারী এনামুল হক, তফির উদ্দীন, আবদুল হামিদ, জাহাঙ্গীর ও তাঁর অনুসারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাউহাটোলা গ্রামে গত বৃহস্পতিবার বাস্তুভিটার মালিকানা নিয়ে সাঁওতালদের সঙ্গে ওই জমির মালিক দাবিদার এনামুল হকের (৫৮) সংঘর্ষ হয়। এতে এনামুল, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরলা হেম্ব্রম (৬৫), মালতি বাস্কে (৪০), হুপনা মুর্মু (৪৮) ও লক্ষ্মীরাম হাঁসদা (৫৫) আহত হন। এ ঘটনায় গতকাল পার্বতীপুর মডেল থানায় মামলা করেছেন নারায়ণ মুর্মু।
নারায়ণ মুর্মু বলেন, তাঁদের পূর্বপুরুষেরা শত বছর ধরে ওই পল্লিতে বসবাস করছেন। তাঁদের দখলীয় ওই ১ একর ৩৭ শতক শহিদুল হক মাস্টার গং দাবি করছেন। মাস্টারের এক ফুপাতো ভাই ২১ শতক জমি এনামুল হকের কাছে বিক্রি করেন। এনামুল ও তাঁর অনুসারীরা ক্রয় করা জায়গায় ইটের প্রাচীর দিতে এলে তাঁরা তাতে বাধা দেন। এ সময় সংঘর্ষে এনামুলসহ চারজন আহত হন।
জমির মালিক দাবিদার শহিদুল হক মাস্টার বলেন, তাঁদের কাছে জমিগুলোর বৈধ কাগজপত্র আছে। ১৯৬৫ সালের দিকে তাঁর বাবা ফজলুল হক রবীন্দ্রনাথ চাকি ও চাকু চাকির কাছ থেকে এক্সচেঞ্জ করে কিনেছিলেন। বর্তমানে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কোনো কাগজপত্র নেই। এ ব্যাপারে আদালতে মামলা চলছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, ওই হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে।