পার্বতীপুরে সেই চিকিৎসা সহকারীসহ তিনজনের শাস্তিমূলক বদলি
দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারীসহ তিনজনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। তাঁরা হলেন: চিকিৎসা সহকারী শাহজাহান, জ্যেষ্ঠ সেবিকা শাহনাজ বেগম ও আয়া মর্জিনা। গত রোববার এখানে চিকিৎসাধীন রোগী আবদুল আলিমের (৩০) মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতিয়ার রহমান জানান, আবদুল আলিমের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি মঙ্গলবার সিভিল সার্জনের কাছে প্রতিবেদন জমা দেয়। এতে হাসপাতালের চিকিৎসা সহকারী শাহজাহান, জ্যেষ্ঠ সেবিকা শাহনাজ বেগম ও আয়া মর্জিনার দায়িত্বে অবহেলার কথা উল্লেখ করা হয়। ওই দিনই সিভিল সার্জন তাঁদের শাস্তিমূলক বদলির চিঠি ইস্যু করেন। বুধবার বিকেলে ওই বদলির আদেশ হাসপাতালে এসে পৌঁছায়। পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনায় গত সোমবার প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। হাসপাতালসংলগ্ন হলদিবাড়ী এলাকার সাইফুল ইসলামের ছেলে আবদুল আলিম ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় মৃত ব্যক্তির আত্মীয় ও এলাকাবাসী হাসপাতালে ভাঙচুর করেন এবং পার্বতীপুর-ফুলবাড়ী-ঢাকা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এরপর তাঁরা দোষী চিকিৎসক ও সেবিকাদের বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন।