পার্বতীপুরে স্কুলের মাঠ দখল করে নর্দমা ও রাস্তা নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে শহরের ঐতিহ্যবাহী জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চবিদ্যালয়ের খেলার মাঠের জায়গা দখল করে পৌরসভা কর্তৃপক্ষ নর্দমা ও রাস্তা নির্মাণের কাজ করছে৷ গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্পের অধীন ১৭ লাখ টাকা ব্যয়ে কাজটি করা হচ্ছে বলে পার্বতীপুর পৌরসভা সূত্রে জানা গেছে।
জ্ঞানাঙ্কুর বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের মাঠের পার্বতীপুর মৌজার জে এল নম্বর ৪০ ও ৩২৭, ৩২৮ খতিয়ানভুক্ত বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে ১১১১ ও উত্তরাংশে ১১১৭—এই দুটি দাগে মোট ৩০ দশমিক ২৮ শতক জমি অবৈধভাবে দখল করে পৌরসভা এ নির্মাণকাজ করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেকউল্লাহ বলেন, বিদ্যালয়ের মাঠের জমি অবৈধভাবে দখল করে নির্মাণকাজ করার কারণ জানতে চেয়ে গত ৪ মে পৌর কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। সেই সঙ্গে কাজ বন্ধ করতে বলা হয়েছে। কিন্তু পৌরসভা চিঠির উত্তর দেয়নি। কাজ অব্যাহত রেখেছে। পরবর্তী সময়ে ৯ জুন আইিন নোটিশ পাঠানো হয়েছে। প্রয়োজনে মামলা করে জমি উদ্ধার করা হবে বলে তিনি জানান।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহেনুল ইসলাম জানান, খেলার মাঠ ও জলাধারের আকার কোনোক্রমেই পরিবর্তন করা যাবে না মর্মে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। ভূমি মন্ত্রণালয় থেকে এই মর্মে আদেশ প্রশাসনের সর্বত্র চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। ওই আদেশবলে বিদ্যালয়ের খেলার মাঠ রক্ষার প্রয়োজনে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
পার্বতীপুর পৌরসভার প্যানেল মেয়র মনজুরুল আজিজ বলেন, শহরের পানি নিষ্কাশনের জন্য জনস্বার্থে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের উচিত প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করা। কিন্তু তাদের বাধার কারণে কাজ ব্যাহত হচ্ছে।এর ফলে নাগরিকেরা সুবিধাবঞ্চিত হবে বলে তিনি মন্তব্য করেন।