পার্বতীপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। পুলিশ ধর্ষণের শিকার ওই নারীকে গতকাল বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ধর্ষণের শিকার ওই নারীর স্বামী একজন দিনমজুর। তাঁর স্বামী বলেন, গত মঙ্গলবার রাতে স্ত্রীর সঙ্গে তিনি পাশের গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় চারজন যুবক এসে তাঁদের পথরোধ করেন। ওই যুবকেরা তাঁকে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখে তাঁর স্ত্রীকে ভুট্টাখেতে নিয়ে যান। সেখানে ওই যুবকেরা সবাই মিলে তাঁর স্ত্রীকে ধর্ষণ করেন। তিনি ওই ধর্ষণকারী যুবকদের চিনতে পেরেছেন।
ওই নারীর স্বামী আরও বলেন, তাঁর স্ত্রীকে ধর্ষণ করার সময় ওই যুবকেরা ওই দৃশ্য মুঠোফোনে ভিডিও করে রাখেন। এ সময় তাঁরা তাঁকে হুমকি দিয়ে বলেন, ঘটনাটি কাউকে জানানো হলে ওই ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে ওই এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, যাঁদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তাঁরা সবাই মাদকসেবী। ওই যুবকেরা ঘটনার দিন থেকেই পলাতক রয়েছেন।
স্থানীয় পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মফাখখারুল ইসলাম বলেন, ভয়াবহ প্রকৃতির যুবক ওরা, তাই এলাকার কেউ ওদের বিরুদ্ধে কথা বলেন না। ধর্ষণের বিষয়টি তিনি শুনেছেন।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল আলম বলেন, ওই ঘটনায় গত বুধবার রাতে চারজনকে আসামি করে ধর্ষণের শিকার ওই নারী থানায় একটি মামলা করেছেন। ওই আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।