পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একটি ট্রাক্টরের চালকের সহকারী নিহত হয়েছে। উপজেলার চান্দাপাড়ার কাছে গতকাল বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া ময়মনসিংহের নান্দাইলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে গিয়ে ২২ যাত্রী আহত হয়েছেন। কুষ্টিয়া সদর উপজেলায় দুটি বাসের সংঘর্ষে আহত হয়েছেন আরও ১৫ জন। এসব দুর্ঘটনাও গতকাল ঘটে।
এ নিয়ে গত ১৪ দিনে বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৪৪ জন। ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধি ও আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো খবর:
পার্বতীপুরে নিহত চালকের সহকারীর নাম সুজন রায় (১৭)। সে উপজেলার উত্তর শালন্দার কুমারপাড়া গ্রামের নীলকণ্ঠ রায়ের ছেলে। প্রত্যক্ষদর্শীরা বলেন, পার্বতীপুর থেকে মালবাহী ট্রাক্টরটি উপজেলার চান্দাপাড়ায় চালিয়ে নিয়ে যাচ্ছিল চালক তৌকিরের সহকারী সুজন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে সুজন মারা যায়। চালক তৌকিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোড়াগালা গ্রামে গতকাল সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। আহত ২২ জনের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের কিশোরগঞ্জের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে এবং কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মো. আক্তার জামিল, ময়মনসিংহের গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সীমা সরকার ঘটনাস্থলে যান।
কুষ্টিয়া সদর উপজেলায় দুটি বাসের সংঘর্ষের ঘটনাটি ঘটে বিত্তিপাড়ায় গতকাল দুপুর ১২টার দিকে। আহত ব্যক্তিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, কুষ্টিয়াগামী ও খুলনাগামী দুটি বাস পরস্পরকে অতিক্রমের সময় পাশাপাশি সংঘর্ষ হয়। এতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীসহ ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।