পার্বতীপুরে হত্যা মামলার আসামিকে রক্ষার চেষ্টা!
দিনাজপুরের পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে একটি হত্যা মামলার আসামিকে রক্ষা করার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। ওই মামলার বাদী সোমবার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।পার্বতীপুর থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পার্বতীপুর শহরের মোজাফ্ফর নগর এলাকার রমজান আলীর স্ত্রী রিমার (৪০) লাশ পাওয়া যায়। এ ঘটনায় রিমার মা খুকু বেগম সোমবার পার্বতীপুর থানায় হত্যা মামলা করেন।পার্বতীপুর শহরের একটি কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউটের হলকক্ষে সংবাদ সম্মেলনে খুকু বেগম অভিযোগ করেন, বুধবার সন্ধ্যায় রমজান আলী ভাড়া বাসায় রিমাকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে রমজানসহ কয়েকজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে রিমার লাশ ফেলে রেখে পালিয়ে যায়।খুকু বেগম অভিযোগ করেন, গত রোববার রাতে তিনি পার্বতীপুর থানায় মামলা করতে যান। এ সময় ওসি রমজান আলীকে বাঁচাতে আগে থেকে তৈরি করা একটি এজাহারে জোরপূর্বক তাঁর সই নেন, যাতে সাক্ষী হিসেবে রমজানের ছেলে, মেয়ে ও ভাইকে রাখা হয়েছে।পার্বতীপুর থানার ওসি শওকত আলী আসামিকে রক্ষা করার চেষ্টা ও জোরপূর্বক এজাহারে সই নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।