পার্বতীপুরে হরতাল পালন রেলস্টেশনে ভাঙচুর
দিনাজপুরের পার্বতীপুরে যুবদলের নেতা রবিউল ইসলাম ওরফে বাবুল হত্যার প্রতিবাদে গতকাল রোববার ছাত্রদলের উপজেলা শাখার ডাকা অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে যুবদল ও ছাত্রদলের কর্মীরা পার্বতীপুর রেলস্টেশনের দরজা-জানালা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুর করেন।
ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা ভোর পাঁচটায় রেলস্টেশনের ট্রেন চলাচল নিয়ন্ত্রণকক্ষের প্যানেল বোর্ডের চাবি ছিনিয়ে নেওয়ায় বেলা তিনটা পর্যন্ত পাঁচটি ট্রেনের যাত্রা বিঘ্নিত হয়।
রবিউল ইসলাম হত্যার ঘটনায় তাঁর স্ত্রী শিউলী বেগম গতকাল দুপুরে পার্বতীপুর মডেল থানায় মামলা করেছেন। মামলায় কালের কণ্ঠ-এর পার্বতীপুর প্রতিনিধি আবদুল কাদির, তাঁর ছেলে ছাত্রলীগের উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য রাইসুল ইসলামসহ ১০ জনকে আসামি করা হয়েছে।
মামলার পর পরই এজাহারভুক্ত আসামি যুবলীগের পার্বতীপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে ফিজারকে (৩৫) শহরের পুরান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে হত্যাকাণ্ডকে রাজনৈতিক রূপ দেওয়ায় নিন্দা জানিয়ে আওয়ামী লীগের উপজেলা শাখা গতকাল বিকেলে দলীয় কার্যালয়ে এক সংবাদ সমেঞ্চলন করে।
খোঁজ নিয়ে জানা যায়, পার্বতীপুরের পুস্তক ব্যবসায়ী ও সাংবাদিক আবদুল কাদিরের ভাগনি ফুলমতি (৪০) শহরের নিউকলোনির (রেলওয়ের আবাসিক কোয়ার্টার) তিনতলা ভবনের নিচতলার ২৭১ নম্বর বাসার দুটি কক্ষে বসবাস করতেন। ২০ সেপ্টেম্বর তিনি উপজেলার জাহানাবাদ গ্রামের জনৈক ওবায়দুলের কাছে সেটি ৩৫ হাজার টাকায় বিক্রি করে চলে যান।
বিষয়টি জানতে পেরে কাদিরের স্ত্রী নাসিমা বেগম (৪৫) ও ছেলে রাইসুল (২৬) পরদিন সকালে ওই বাসায় গিয়ে সেটি তাঁদের বলে দাবি করেন। এ নিয়ে ওবায়দুল ও তাঁর পরিবারের সঙ্গে তাঁদের ঝগড়া হয়। পরে কাদির ও জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) সিরাজ ঘটনাস্থলে গিয়ে এ নিয়ে বিকেলে সমঝোতা বৈঠকের প্রস্তাব দেন।
কিন্তু সন্ধ্যায় রাইসুল ও তাঁর মা ছাত্রলীগের সাত-আটজন নেতা-কর্মীকে নিয়ে আবার বাসা দখল করতে গেলে বাসার লোকজন ও প্রতিবেশীরা বাধা দেন। এ সময় রাইসুল নলকূপের হাতল দিয়ে প্রতিবেশী জয়নালের মাথায় আঘাত করেন। এরপর বাসার দুটি কক্ষের দরজা তালাবদ্ধ করে তাঁরা চলে যান।
পরে রাত আটটার দিকে রাইসুল ছাত্রলীগের ১৫-১৬ জন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে শহরের কালীবাড়ি মোড়ের দিকে আসেন। সেখানে যুবদলের নেতা রবিউল ইসলামকে একা পেয়ে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।
রবিউলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা ছাত্রলীগের নেতা বিপ্লবের পাওয়ার হাউস কলোনির বাসা, রাইসুলের ধুপিপাড়ার বাসা ও ছাত্রলীগের নেতা তন্ময়ের জিন্না মাঠসংলগ্ন বাসায় হামলা ও ভাঙচুর চালান। এতে আবদুল কাদির ও তাঁর স্ত্রী আহত হন। তাঁদেরকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।