পার্বতীপুরে হামলায় যুবদল নেতা নিহত
দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ের পরিত্যক্ত একটি বাসা দখলকে কেন্দ্র করে গতকাল শনিবার রাতে ছাত্রলীগ ও যুবদলের মধ্যে সংঘর্ষে যুবদলের নেতা রবিউল ইসলাম ওরফে বাবুল (৩০) নিহত হয়েছেন।
রবিউল শহরের নূরনগর মহল্লার তবার উদ্দিনের ছেলে ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। ঘটনার প্রতিবাদে উপজেলা যুবদল ও ছাত্রদল আজ রোববার উপজেলা সদরে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহরের নিউ কলোনির রেলওয়ের পরিত্যক্ত একটি বাসা দখলকে কেন্দ্র করে শনিবার সকালে ছাত্রলীগ ও যুবদলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এর জের ধরে রাত আটটার দিকে পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য রাইসুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ যুবক ইসলামপুর কালীবাড়ী এলাকায় রবিউল ইসলামকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। স্থানীয় লোকজন অবস্থায় উদ্ধার করে তাঁকে হলদিবাড়ী হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
রবিউলের মৃত্যুর খবরে যুবদলের নেতা-কর্মীরা রাইসুলের বাসার আসবাব ভাঙচুর ও তাঁর বাবা সাংবাদিক আবদুল কাদির ও মা নাসিমা বেগমকে মারধর করেন। তাঁদেরকে হলদিবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পার্বতীপুর জিআরপি থানার ওসি সাজু মিয়া জানান, এ ঘটনায় শহরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।