পার্বতীপুরে হিন্দু-অধ্যুষিত এলাকায় রাতে পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন-পরবর্তী সহিংসতার আশঙ্কা করছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হিন্দু সম্প্রদায়ের প্রায় অর্ধলাখ মানুষ। নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা ও পুলিশ প্রশাসন ব্যবস্থা নিলেও তাদের ওপর আস্থা রাখতে পারছেন না তাঁরা। তাই হামলা ঠেকাতে হিন্দু-অধ্যুষিত এলাকাগুলোতে রাত জেগে পাহারার ব্যবস্থা করা হয়েছে।
জানা গেছে, পার্বতীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর এলাকার দুই শতাধিক স্থানে ৪৬ হাজার ৭৭ জন হিন্দু বসবাস করে। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগের রাত থেকে কয়েক দিন উপজেলার রামরায়পুর চৌধুরীপাড়া ও পাশের চিরিরবন্দর উপজেলার বিভিন্ন হিন্দু বাড়িতে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ, মারধর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে তাঁদের সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসব হামলার খবর ছড়িয়ে পড়ায় পার্বতীপুর উপজেলাজুড়ে হিন্দুদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার মন্মথপুর ইউনিয়নের হিন্দু-অধ্যুষিত বৈষ্ণবপাড়া, কৈবর্তপাড়া; চণ্ডীপুর ইউনিয়নের পোদ্দারপাড়া, খেড়ুয়াপাড়া এবং বেলাইচণ্ডী ইউনিয়নের গোপালগঞ্জ, ভুজারীপাড়া, বার্নিরঘাট ও ডোমখারী গ্রামের রাস্তার মোড়ে মোড়ে সন্ধ্যা থেকে শেষ রাত পর্যন্ত পাহারা দিচ্ছেন তরুণ ও বৃদ্ধরা। তাঁদের হাতে লাঠিসোঁটা, বল্লম, রড, ছুরি ও টর্চলাইট। মাঝেমধ্যে কেউ কেউ বাঁশিতে ফুঁ দিয়ে সবাইকে সতর্ক করেন। গত বুধবার রাতে কয়েকটি এলাকায় গিয়ে লোকজনকে পাহারা দিতে দেখা গেছে।
নারায়ণপুর হিন্দুপাড়ার ভ্যানচালক পূর্ণচন্দ্র রায় বলেন, ‘আমরা তো দাদা নৌকায় ভোট দিছি, তাই রাততোত (রাতে) খুব ভয় লাগে। কখন যে হামলা হয় এন্যাও নিন ধরে না (এতটুকুও ঘুম ধরে না)।’ কৈবর্তপাড়ার অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার আগেও এমন অবস্থায় পড়ি নাই।’
মন্মথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল ওয়াদুদ বলেন, ‘আমার ইউনিয়নের বৈষ্ণবপাড়ায় ভোটের দিন হামলা হয়েছিল। এ কারণে সেখানে ইউনিয়নের ১০ গ্রাম পুলিশ প্রতি রাতে পাহারা দিচ্ছেন। অন্য এলাকায়ও ইউপি সদস্যরাসহ আমরা ঘুরে ঘুরে সতর্ক নজর রাখছি।’
বেলাইচণ্ডী ইউপির চেয়ারম্যান নূর মোহামঞ্চদ জানান, গ্রামভিত্তিক পাহারার পাশাপাশি জনপ্রতিনিধিরাও রাতের বেলায় বিভিন্ন এলাকায় গিয়ে সংখ্যালঘুদের সাহস জোগাচ্ছেন।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী জানান, উপজেলার অধিক স্পর্শকাতর এলাকাগুলোতে গিয়ে প্রতি রাতে পুলিশ টহল দিচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেনুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি সম্পর্কে আমরা সব সময় সজাগ রয়েছি। আমি নিজেও সংখ্যালঘু-অধ্যুষিত বিভিন্ন গ্রামে যাচ্ছি। তা ছাড়া ইউপি চেয়ারম্যান ও সদস্যদেরও ওই সব এলাকায় গণসংযোগ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।’