পার্বতীপুরে 'ফেয়ার প্রাইস' পাচ্ছেন না ১৪০০ কর্মচারী
চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীদের সুলভ মূল্যে চাল দিতে চালু ‘ফেয়ার প্রাইস’-এর সুবিধা পাচ্ছেন না দিনাজপুরের পার্বতীপুর উপজেলার প্রায় ১ হাজার ৪০০ কর্মচারী। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় বলছে, ফেয়ার প্রাইসের চাল বিক্রির ডিলার গত ১৭ মাসেও ওই কর্মচারীদের পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ না করায় তা চালু হচ্ছে না। তবে ডিলার বলছেন, উপজেলা খাদ্য বিভাগ চাল সরবরাহ না করায় চাল দেওয়া যাচ্ছে না। এ অবস্থায় কম দামে চাল কিনতে না পেরে বিপাকে পড়েছেন কর্মচারীরা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, সরকার চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাসিক বেতন বিবেচনায় রেখে ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে কম দামে চাল বিক্রির কর্মসূচি চালু করে। কর্মসূচির নাম দেওয়া হয় ‘ফেয়ার প্রাইস’। পার্বতীপুরে ফেয়ার প্রাইসের চাল বিক্রির জন্য একজন ডিলার নিয়োগ করা হয়। রেশনকার্ডধারীদের বিপরীতে প্রত্যেক কর্মচারীর জন্য প্রতি মাসে ২০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। ওই সময় ফেয়ার প্রাইসের চালের দাম নির্ধারণ করা হয় ২৪ টাকা কেজি। তবে ওই সময় মোটা চালের বাজারদর ছিল তারচেয়েও কম। ২০ টাকা কেজি দরে মিলত মোটা চাল। এতে করে ফেয়ার প্রাইসের কার্ডধারী চতুর্থ শ্রেণির কর্মচারীরা ডিলারের কাছ থেকে ওই চাল কিনতে অনীহা দেখান। এর ফলে দুই বছরের মাথায় ২০১৩ সালে বন্ধ হয়ে যায় ওই কর্মসূচি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্বতীপুরে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত আছেন ১ হাজার ৪০১ একজন চতুর্থ শ্রেণির কর্মচারী। তাঁরা সবাই ছিলেন ফেয়ার প্রাইসের রেশনকার্ডধারী।
ফেয়ার প্রাইস চালু না হওয়া প্রসঙ্গে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবদুল জলিল ব্যাপারী আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ডিলারের কাছ থেকে নতুন করে কর্মচারীদের তালিকা চাওয়া হয়েছে। পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করতে ডিলারকে গত বছরের ১১ সেপ্টেম্বর একটি চিঠি দেওয়া হয়। তবে এখন পর্যন্ত ডিলার ওই তালিকা সংগ্রহ করেননি বলে ফেয়ার প্রাইস চালু করা যায়নি।
তবে ভিন্ন কথা বললেন ফেয়ার প্রাইসের ডিলার মো. ফিরোজ ইফতেখার। তিনি বলেন, উপজেলা খাদ্য বিভাগ থেকে সরবরাহ না থাকায় সুবিধাভোগীদের হাতে ওই চাল তুলে দেওয়া যাচ্ছে না। তিনি জানান, বর্তমানে বাজারে চালের দাম বেশি। ৩০ থেকে ৩৮ টাকায় উঠেছে মোটা চালের দাম। এ অবস্থায় ফেয়ার প্রাইসকে জনপ্রিয় করতে দাম পুনর্মূল্যায়ন করেছে সরকার। বর্তমানে ফেয়ার প্রাইসে প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ১৫ টাকা। ফলে চতুর্থ শ্রেণির কর্মচারীরা প্রতিদিন হুমড়ি খাচ্ছেন রেশন দোকানে।
ফেয়ার প্রাইস কার্ডধারী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের কর্মচারী আজিজুল রহমান বলেন, ‘ফেয়ার প্রাইসে চাল কেন পাচ্ছি না, তা জানি না। বাজারে চালের দাম বেশি। এ অবস্থায় ফেয়ার প্রাইসে ১৫ টাকায় চাল পেলে উপকার হতো।’
বন্ধ থাকা ফেয়ার প্রাইসের চাল দ্রুত বিক্রির দাবি করেছেন অগ্রণী ব্যাংকের পার্বতীপুর শাখার কর্মচারী মো. সালাউদ্দিন ও শরিফুল ইসলাম।