পার্বতীপুরের অগ্নিদগ্ধ গৃহবধূ মিতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার অগ্নিদগ্ধ গৃহবধূ আফিয়া জামান ওরফে মিতা (২০) ১৬ দিন যন্ত্রণায় ছটফট করার পর গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শ্বশুরবাড়ির লোকজন তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মিতা পার্বতীপুরের রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার কর্মচারী সৈয়দ বদিউজ্জামানের মেয়ে। তাঁদের বাড়ি শহরের দক্ষিণপাড়া মহল্লায়। গত বছর একই উপজেলার রোস্তমনগর মহল্লার রেল কর্মচারী ওয়াসিবুর রহমান ওরফে শুভর সঙ্গে তাঁর বিয়ে হয়। মিতার ফুফা তোজামেঞ্চল হোসেন কাজী অভিযোগ করেন, রোস্তমনগর মহল্লায় স্বামীর বাসায় শাশুড়ি নাসিমা বেগম ও ননদ তামান্না ইয়াছমিন গত ১৬ ডিসেম্বর দিবাগত রাত দুইটার দিকে মিতার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে মিতার শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা তিনটার দিকে তিনি মারা যান।
মিতার স্বামী ওয়াসিবুর, শাশুড়ি নাসিমা বেগম ও ননদ তামান্না ইয়াছমিন দাবি করেন, গত ১৬ ডিসেম্বর মিতা নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। ওই সময় ওয়াসিবুর উপজেলার গ্রামের বাড়ি পাঁচআনিতে ছিলেন।
পুলিশ জানায়, এ ঘটনায় ১৭ ডিসেম্বর মিতার বাবা বদিউজ্জামান বাদী হয়ে ওয়াসিবুর, নাসিমা বেগম, তামান্নাসহ চারজনের বিরুদ্ধে পার্বতীপুর থানায় মামলা করেন।