পার্বতীপুরের চারটি পথে বাস চলাচল বন্ধ ছয় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চারটি পথে ছয় দিন ধরে বাস ধর্মঘট চলছে। পার্বতীপুর মোটর মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়ন পার্বতীপুরের প্রধান সড়কে ইজিবাইক, নছিমন-করিমন ও ভটভটি চলাচল বন্ধের দাবিতে গত শুক্রবার থেকে এই ধর্মঘট শুরু করে। পরিবহনের শ্রমিক ও মালিক সূত্রে জানা গেছে, ২০ জুন সকালে বিভিন্ন রুটে বাসশ্রমিকেরা ব্যাটারিচালিত ইজিবাইক থেকে জোর করে যাত্রীদের নামিয়ে দেন। প্রতিবাদে ইজিবাইকের চালকেরা পার্বতীপুর-ফুলবাড়ী-ঢাকা মহাসড়কসহ পার্বতীপুর-দিনাজপুর, পার্বতীপুর-রংপুর ও পার্বতীপুর-সৈয়দপুর সড়কের বিভিন্ন স্থানে কয়েক শ অটোবাইক রেখে অবরোধ করেন। শুক্রবার ভোরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অটোবাইকের চালকেরা অবরোধ তুলে নেন। পরিবহনশ্রমিকেরা ওই দিন সকাল থেকে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের চৌরাস্তা মোড় ও মডেল থানার গেটে এলোমেলোভাবে বাস রেখে অবরোধ সৃষ্টি করেন। এতে পার্বতীপুর-ফুলবাড়ী-ঢাকা মহাসড়কসহ চারটি রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ভূত পরিস্থিতি নিরসনে উপজেলা প্রশাসন গত শুক্রবার বৈঠক করে। উপজেলা পরিষদের হলরুমে বৈঠকে স্থানীয় সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমানের অনুরোধে মোটরমালিক ও শ্রমিকনেতারা অবরোধ তুলে নিলেও বাস ধর্মঘট অব্যাহত রাখেন।