পার্বতীপুরের বেলাইচণ্ডী বাজার জনশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরের বেলাইচণ্ডী বাসস্ট্যান্ড বাজার খাঁ খাঁ করছে। সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কের পাশে ওই বাজারটির দোকানপাট বন্ধ রেখে গা ঢাকা দিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গেলে এমন দৃশ্য চোখে পড়ে।
র‌্যাব আবারও হামলা চালাতে পারে—এমন আতঙ্কেই রমরমা বাজার এমন জনশূন্য বলে জানালেন আশপাশের লোকজন। একজন ইজিবাইক চালক চুপি চুপি জানালেন, বুধবার রাতে ওই বাজারের দোকানদারদের বেধড়ক লাঠিপেটা করেছে র‌্যাব, তাই কেউ দোকান খুলতে সাহস পাচ্ছেন না। তবে রযাি ব বলেছে, এলাকার মাদক চক্রের হোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদকে গ্রেপ্তার করতেই তাদের এ অভিযান।
পার্বতীপুর থানার পুলিশ সূত্র জানায়, গত সোমবার রাতে র‌্যাব-১৩-এর একটি দল বেলাইচণ্ডী বাজারে মাদকবিরোধী অভিযানে নামে। ওই রাতে অভিযুক্ত মাদক ব্যবসায়ী মনোয়ারুল ইসলামকে (৩৫) ৩৯৫টি ইয়াবাসহ আটক করা হয়। পরে তাঁর সহযোগী আবদুল ওয়াহাবকে (২৮) ধরতে তাঁর কম্পিউটারের দোকানে গেলে সাদাপোশাকের র‌্যাব সদস্যদের দেখে ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকেন তিনি। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে র‌্যাবের ছয় সদস্যকে ঘিরে ফেলেন। তাঁদের ওপর চলে হামলা। এ পরিস্থিতিতে র‌্যাব সদস্যরা পাল্টা ব্যবস্থা হিসেবে আটটি ফাঁকা গুলি ছোড়েন। এতে আরও বিপত্তি ঘটে। গুলি ও শোরগোলে আশপাশের গ্রামবাসী ইটপাটকেল ছুড়তে থাকেন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে। লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। পরে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, সৈয়দপুর ও পার্বতীপুর থানার পুলিশ এসে ওই র‌্যাব সদস্যদের উদ্ধার করে।
এ ঘটনায় র‌্যাব-১৩-এর পক্ষ থেকে ওই দিনেই পার্বতীপুর মডেল থানায় পৃথক দুটি মামলা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় মনোয়ারুল ইসলাম ও আবদুল ওয়াহাবকে। দুজনই এখন দিনাজপুর জেলহাজতে আছেন। অপর মামলায় বেলাইচণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর মোহাম্মদসহ অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়।
গত বুধবার রাতে ঘটনাস্থলে আবার এসে এক দল র‌্যাব সদস্য প্রধান আসামি ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদকে খুঁজতে থাকেন। গ্রামবাসীর অভিযোগ, এ সময় র‌্যাব সদস্যরা নির্বিচারে লাঠিপেটা করতে থাকেন। তাঁদের হামলায় বাদ যায়নি নারী–শিশুও। পাশের বান্নিরহাটের এক বৃদ্ধ জানান, কেবল বেলাইচণ্ডী নয়, আশপাশের গ্রামেও হামলা করেছে র‌্যাব।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান গতকাল বেলাইচণ্ডী বান্নিরহাট, বুড়িরহাট ও মণ্ডলপাড়া ঘুরে দেখেন। এ সময় গ্রামবাসীর উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আতঙ্কিত হবেন না। দোকান খুলুন, ব্যবসা-বাণিজ্য করুন। কেউ আপনাদের ওপর হামলা করবে না। তবে প্রকৃত অপরাধীদের ধরিয়ে দিতে প্রশাসনকে সহযোগিতা করুন।’ র‌্যাব ও গ্রামবাসীকে শান্ত থাকার পরামর্শ দেন মন্ত্রী।
পার্বতীপুর মডেল থানার ওসি মাহামুদুল আলম জানান, আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। র‌্যাবের হামলা সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
এ নিয়ে র‌্যাব-১৩-এর অধিনায়ক লে. কর্নেল কিসমত হায়াতের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তিনটি গ্রামে হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি প্রথম আলোকে বলেন, ‘মাদক ব্যবসায়ীদের ধরতেই বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়েছে। ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ মাদক চক্রের হোতা। আমরা তাঁকে ধরতে অভিযান চালিয়ে যাব।’
অভিযান চালানোর সময় নারী ও শিশুদের ওপর হামলার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।