পার্বতীপুর-ঢাকা রেলপথে তিন আন্তনগর ট্রেনে আসনসংকট
দেশের উত্তর-পশ্চিমাঞ্চল রেল যোগাযোগের প্রধান কেন্দ্র দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশন থেকে রাজধানী ঢাকায় চলাচলকারী আন্তনগর নীলসাগর, একতা ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে আসনসংকট তীব্র হয়ে উঠেছে। অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে আসনবিহীন টিকিট বিক্রি করছে স্টেশন কর্তৃপক্ষ।
পার্বতীপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা-পার্বতীপুরে চলাচলকারী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনে পার্বতীপুরের জন্য বরাদ্দ আসন ৫২টি। এর মধ্যে বার্থ ২টি, শোভন ২০ ও শোভন সাধারণ ৩০টি। আন্তনগর দ্রুতযানে বরাদ্দ দেওয়া ৫৬ আসনের মধ্যে প্রথম শ্রেণির ৬টি, শোভন চেয়ার ৩০ ও শোভন সাধারণ ২০টি। এ ছাড়া ঢাকা-নীলফামারী রুটের আন্তনগর নীলসাগর ট্রেনের পার্বতীপুরে বরাদ্দ আসন ৭৮টি। এর মধ্যে বার্থ ৬ ও শোভন চেয়ার ৭২টি। তবে এক বছর আগে ২০টি আসন কমিয়ে দেওয়া হয়।
পার্বতীপুরের যাত্রী হাসান মাসুদ অভিযোগ করেন, সময়মতো কাউন্টারে গিয়েও শীতাতপনিয়ন্ত্রিত বার্থ ও প্রথম শ্রেণির টিকিট পাওয়া যায় না। প্রায়ই শীতাতপনিয়ন্ত্রিত ও প্রথম শ্রেণির যাত্রীবাহী কোচ খুলে অন্য রুটের ট্রেনে লাগানো হয়।
আসনসংকটের কথা স্বীকার করে রেলওয়ে পশ্চিম জোনের মহাব্যবস্থাপক খাইরুল আলম বলেন, আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে প্রতিটি আন্তনগর ট্রেনে নতুন যাত্রীবাহী কোচ সংযোজন এবং প্রতি স্টেশনে আসনসংখ্যা বাড়ানো হবে।
পার্বতীপুর স্টেশনমাস্টার জিয়াউল আহসান বলেন, স্টেশনে অতিরিক্ত যাত্রীর চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে। আসনসংকটের কথা স্বীকার করে তিনি বলেন, নিরুপায় হয়ে কাউন্টার থেকে আসনবিহীন টিকিটও দেওয়া হচ্ছে।