পার্বত্য অঞ্চলে চরম পুষ্টিহীনতা, জন্ম নিচ্ছে অপুষ্ট শিশু
দারিদ্র্য, শিক্ষার নিম্নহার, কুসংস্কার ও পুষ্টিজ্ঞানের অভাবে পার্বত্য অঞ্চলে নারী-শিশুরা চরম পুষ্টিহীনতার শিকার হচ্ছে। গর্ভবতী মায়েরা অপুষ্ট শিশু জন্ম দিচ্ছেন। অধিকাংশ শিশু খর্বাকৃতি, কম ওজন ও কম বুদ্ধিসম্পন্ন হয়ে বেড়ে উঠছে।
মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিয়ে তিন পার্বত্য জেলায় পরিচালিত এক গবেষণা, স্বাস্থ্য বিভাগ ও জাতিসংঘের জরুরি শিশু তহবিল (ইউনিসেফের) থেকে এ তথ্য পাওয়া গেছে।
মানুষের জন্য ফাউন্ডেশনের ২০১৪ সালের প্রতিবেদন অনুসারে, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি তিন পার্বত্য জেলায় ৬২ দশমিক ২ শতাংশ মানুষ দরিদ্র। এর মধ্যে ৩৫ দশমিক ৮ শতাংশ অতিদরিদ্র। দারিদ্র্যের দিক দিয়ে ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠীর অবস্থা আরও নাজুক। ৬৫ শতাংশ ক্ষুদ্র জাতিসত্তার লোকজন দরিদ্র। আর ৩৯ শতাংশ অতিদরিদ্র। আর সেখানে বসবাসকারী বাঙালিদের মধ্যে ৫৮ শতাংশ দরিদ্র এবং ৩১ শতাংশ অতিদরিদ্র। গত তিন বছরে এ অবস্থার উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানিয়েছে সংগঠনটি।
ইউনিসেফের পুষ্টি কর্মকর্তা উ বা শৈ মারমা বলেছেন, ইউনিসেফের পুষ্টির জরিপে সারা দেশের মধ্যে তিন পার্বত্য জেলা সর্ব নিম্ন অবস্থানে। এর মধ্যে দুর্গম এলাকাগুলোর অবস্থা অতিমাত্রায় নাজুক। তিনি বলেন, পুষ্টির অবস্থা উন্নয়নের জন্য স্বাস্থ্য বিভাগ ও ইউনিসেফের পাশাপাশি কিছু বেসরকারি সংস্থা কাজ করলেও পরিস্থিতির খুব বেশি অগ্রগতি হচ্ছে না। তবে পুষ্টির খারাপ অবস্থার জন্য দারিদ্র্য অন্যতম হলেও একমাত্র কারণ নয়। শিক্ষার নিম্নহার, মানুষের মধ্যে পুষ্টিজ্ঞানের অভাব, খাদ্যাভ্যাস ও কুসংস্কারও অনেকাংশে দায়ী। কুসংস্কারের কারণে পাহাড়ি গ্রামে গর্ভবতী, প্রসূতি ও দুগ্ধবতী মায়েদের পুষ্টিমানসমৃদ্ধ খাবার দেওয়া হয় না।
মানুষের জন্য ফাউন্ডেশনের ২০১৪ সালে তিন পার্বত্য জেলার ৭৫টি গ্রামে পুষ্টির ওপর সামাজিক অংশগ্রহণমূলক গবেষণায় পুষ্টিসংকটের বিষয়টি উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ গর্ভবতী মা দুধ ও দুগ্ধজাত খাবার পেয়ে থাকেন। একইভাবে শিশুকে দুগ্ধ দানকারী ২ শতাংশ মা এবং ২ দশমিক ৩ শতাংশ পাঁচ বছরের কম বয়সের শিশু পুষ্টিমানসম্পন্ন খাবার খায়। ১৮ শতাংশ গর্ভবতী ও ৭ শতাংশ দুগ্ধ দানকারী মা আমিষসমৃদ্ধ মাছ ও সামুদ্রিক খাবার খেতে পারেন। গৃহপালিত হাঁসমুরগি ও পশু থেকে ৫ শতাংশ গর্ভবতী মা ও শিশু প্রাণিজ আমিষ পেয়ে থাকে। অনেক পাহাড়ি জনগোষ্ঠীর গোষ্ঠীগত বিশ্বাস, গর্ভবতী ও প্রসূতি মাকে আমিষসমৃদ্ধ খাবার দিলে মা ও শিশুর ক্ষতি হতে পারে।
গবেষণায় বলা হয়, দারিদ্র্য ও শিক্ষার নিম্নমানের পাশাপাশি পুষ্টিজ্ঞান না থাকাও পুষ্টিহীনতার একটি বড় সমস্যা। আর অপুষ্টির কারণে শূন্য থেকে ৫৯ মাসের ৩৯ শতাংশ শিশু খর্বাকৃতি, ২৪ থেকে ৫৯ মাসের ৫৩ শতাংশ শিশু বয়সের তুলনায় কমবুদ্ধিসম্পন্ন, শূন্য থেকে ২৩ মাস বয়সের ৪৩ শতাংশ শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে কম।
গবেষণা প্রতিবেদনে দারিদ্র্যের বিষয়টি তুলে ধরে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রায় ৬২ দশমিক ২ শতাংশ মানুষ দরিদ্র। এর মধ্যে ৩৫ দশমিক ৮ শতাংশ হতদরিদ্র। দুর্গম এলাকায় বসবাসরত বম, লুসাই, খিয়াং, খুমী, চাক ও ম্রো গোষ্ঠীর লোকজন সবচেয়ে বেশি দরিদ্র ও পুষ্টিহীনতার শিকার। দরিদ্র লোকজনের মধ্যে ৫৮ শতাংশ জুমচাষের ওপর নির্ভরশীল, ১৩ দশমিক ৫০ শতাংশ কৃষি-অকৃষি দিনমজুর, ৯ শতাংশ বনজ সম্পদ আহরণ, ৭ শতাংশ ক্ষুদ্র ব্যবসা ও সরকারি-বেসরকারি চাকরিতে নিয়োজিত। তাদের পুষ্টির উৎস নিজেদের উৎপাদিত চাল, ভুট্টা, সবজি, মাংস, দুধ, ডিম এবং বাজার থেকে সংগ্রহ করা মাছ ও সামুদ্রিক খাবার। তবে পুষ্টি সম্পর্কে ধারণা না থাকায় অনেক জনগোষ্ঠী তাদের গোষ্ঠীগত বিশ্বাস বা সংস্কারে (ট্যাবু) গর্ভবতী ও দুগ্ধবতী মা এবং শিশুদের শরীরে পুষ্টি গঠনে সহায়ক আমিষযুক্ত খাবার খেতে দেয় না। এ কারণে নারী ও শিশুরা সবচেয়ে বেশি অপুষ্টির শিকার হয়ে থাকে।
মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি কর্মকর্তা ওয়াসিউর রহমান বলেন, ওই গবেষণা প্রতিবেদন নিয়ে আরও কাজ করা হচ্ছে। ২০১৪ সাল থেকে এখনো পরিস্থিতি খুব বেশি অগ্রগতি হয়নি। জুলাই থেকে তাঁরা আরও পুষ্টি জরিপের কাজ শুরু করবেন।
এ প্রসঙ্গে বান্দরবানের সিভিল সার্জন উদয় শংকর চাকমা বলেন, তিন পার্বত্য জেলার মধ্যেও বান্দরবানের অবস্থান সর্বনিম্ন। অবস্থার উন্নয়নের জন্য সরকারি-বেসরকারিভাবে প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নিয়োজিত জনবলের মাধ্যমে সচেতনতামূলক কর্মসূচি, পুষ্টি জরিপসহ বেশ কিছু কাজ করা হচ্ছে। মানুষকে সচেতন করা গেলে স্বাভাবিকভাবে অবস্থার উন্নয়ন করা সম্ভব হবে।