পার্বত্য অঞ্চলে মাধ্যমিক শিক্ষার দায়িত্ব পেল স্থানীয় জেলা পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা পেল ওই তিন জেলা পরিষদ। খাগড়াছড়ি কারিগরি স্কুল ও কলেজও পরিষদের অধীনে চলবে।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয় এবং ওই তিন জেলা পরিষদের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে শিক্ষাসচিব মোহাম্মদ সাদিক এবং জেলা পরিষদগুলোর পক্ষে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্ন ও বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা চুক্তি স্বাক্ষর করেন। পার্বত্য চট্টগ্রামবিষয়ক সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা পর্যবেক্ষক হিসেবে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং প্রমুখ।
পার্বত্য চুক্তি ও পার্বত্য জেলা পরিষদ আইন অনুযায়ী এই হস্তান্তর চুক্তি হলো। ফলে এখন থেকে তিন পার্বত্য জেলার মাধমিক শিক্ষার উন্নয়ন, পরিচালনা, তত্ত্বাবধান, সমন্বয় ও নিয়ন্ত্রণ হবে জেলা পরিষদের ব্যবস্থাপনায়।
চুক্তি অনুযায়ী জেলা শিক্ষা কার্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদিসহ বাজেটে বরাদ্দ করা অন্যান্য অর্থ পার্বত্য জেলা পরিষদে দেওয়া হবে। পার্বত্য জেলা পরিষদ সরকারের প্রচলিত বিধিবিধান অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠন, স্থগিত ও বাতিল করতে পারবে। জেলা শিক্ষা অফিস ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিয়োগ, বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা পার্বত্য জেলা পরিষদের বিধিবিধান অনুযায়ী হবে।
এ ছাড়া জেলা পরিষদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের জেলার অভ্যন্তরে বদলি করতে পারবে। পরিষদের চেয়ারম্যান জেলা শিক্ষা কর্মকর্তা-কর্মচারী, সরকারি বিদ্যালয়ের শিক্ষকের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করবেন এবং বার্ষিক গোপনীয় প্রতিবেদন লিখবেন।
তিন পার্বত্য জেলায় বর্তমানে ২৭৯টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। যার মধ্যে ১৮টি সরকারি ও ২৬১টি বেসরকারি। বেসরকারি স্কুলগুলোর মধ্যে ১৫৪টি এমপিওভুক্ত প্রতিষ্ঠান।
বিগত মহাজোট সরকারের সময়ে হস্তান্তর-প্রক্রিয়া শুরু হয়। ইতিমধ্যে মাধ্যমিক শিক্ষাসহ রাঙামাটি জেলার ২৫টি বিভাগ, খাগড়াছড়ি জেলার ২৩টি বিভাগ এবং বান্দরবান জেলার ২২টি বিভাগ পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, মোট ৩৩টি বিভাগ জেলা পরিষদের অধীনে হস্তান্তর করার কথা৷