পার্বত্য অঞ্চলের সীমান্তে চৌকি বাড়ানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আনোয়ার হোসেন বলেছেন, পার্বত্য অঞ্চলের সঙ্গে মিয়ানমার ও ভারতের প্রায় ৩০০ কিলোমিটার সীমান্ত কোনো কোনো ক্ষেত্রে অরক্ষিত রয়েছে। এ জন্য সেখানে বিজিবির ব্যাটালিয়ন ও সীমান্ত চৌকির সংখ্যা (বিওপি) বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি গতকাল মঙ্গলবার বিজিবির ৭৯তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড প্রশিক্ষণকেন্দ্র ও বিদ্যালয়ে সকাল সাড়ে আটটায় সমাপনী কুচকাওয়াজ শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবির মহাপরিচালক। বিশেষ অতিথি ছিলেন প্রশিক্ষণকেন্দ্রের অধিনায়ক কর্নেল কামরুজ্জামান ও বিজিবি চট্টগ্রাম সেক্টরের অধিনায়ক কর্নেল বশিরুল ইসলাম। এবার মোট ৯১২ জন বিজিবি সদস্য প্রশিক্ষণ শেষ করেছেন। তাঁদের মধ্যে সব বিষয়ে চৌকস সেনা হয়ে পুরস্কার পেয়েছেন মাসুম রানা।বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, ২৭ সেপ্টেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালকের বান্দরবান ভ্রমণে আসার কথা রয়েছে।