চুক্তির ১৮ বছর পরও পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে প্রতিনিয়ত নিপীড়নের শিকার হতে হচ্ছে। তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে, সাংবিধানিকভাবেও স্বীকৃতি দেওয়া হয়নি। এমনকি অন্যায় অবিচারের বিরুদ্ধেও প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তারা এসব অভিযোগ করেন।
গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেনস ফেডারেশন যৌথভাবে এ সভার আয়োজন করে।
হিল উইমেনস ফেডারেশনের সভাপতি নিরুপা চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন বাংলাদেশ মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্রের চেয়ারম্যান মাহফুজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. আমির উদ্দিন, জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি ভুলন লাল ভৌমিক, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার সভাপতি হাসান মারুফ, লেখক আহমদ জসিম, গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক অংগ্য মারমা প্রমুখ।
বক্তারা বলেন, পাহাড়ি আদিবাসীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। পার্বত্য চট্টগ্রাম ও এর অধিবাসীদের পশ্চাৎপদ রেখে দেশ এগিয়ে যাবে না।