পার্বত্য আঞ্চলিক পরিষদ আইন বাতিলের রায় স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। এ সময়ের মধ্যে সরকারপক্ষকে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করতে হবে।গতকাল বৃহস্পতিবার সরকারপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন হাইকোর্টের রায় স্থগিতের জন্য এ আদেশ দেন। ফলে ওই আইনের অধীনে গঠিত পার্বত্য আঞ্চলিক পরিষদের কার্যক্রম পরিচালনায় যে স্থবিরতা সৃষ্টি হয়েছিল, আপাতত তার অবসান ঘটল বলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা জানিয়েছেন।১৩ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ পার্বত্য আঞ্চলিক পরিষদ আইন অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে রায় দেন। রায়ে সংশোধিত খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইনের উপজাতীয় হেডম্যান (পাড়াপ্রধান) থেকে অ-উপজাতীয় কি না, এর সনদ নেওয়া, পার্বত্য অঞ্চলে জমি না থাকলে ভোটার হওয়া যাবে না এবং জেলা পরিষদে চাকরির ক্ষেত্রে উপজাতীয়দের অগ্রাধিকার—এ সংক্রান্ত চারটি ধারা অসাংবিধানিক বলে বাতিল ঘোষণা করা হয়।হাইকোর্টের রায় স্থগিত চেয়ে সরকারপক্ষ গতকাল আপিল বিভাগে আবেদন করে। দুপুরে এ আবেদনের ওপর চেম্বার বিচারপতির আদালত শুনানি হয়। সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এবং মূল রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক ও ইমরান এ সিদ্দিক মামলা পরিচালনা করেন।