পার্বত্য আদিবাসীদের প্রথাগত অধিকার সংরক্ষণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য আদিবাসীদের ভূমিসংক্রান্ত প্রথাগত অধিকার সংরক্ষণের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন নাগরিক সংহতি। পার্বত্য অঞ্চলের ভূমিবিরোধ বিষয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়।সংবাদ সম্মেলনে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের ভূমিবিরোধ নিষ্পত্তি অবশ্যই স্থানীয় আদিবাসীদের মতামতের ভিত্তিতে করতে হবে। এ ছাড়া ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী আগে ভূমিবিরোধ নিষ্পত্তি, পরে ভূমি জরিপ করার দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ অভিযোগ করেন, বর্তমান ভূমি কমিশন চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান এবং তিন জেলার রাজার সঙ্গে আলোচনা না করে তাঁর একক সিদ্ধান্তের ভিত্তিতে কার্যক্রম চালাচ্ছেন। ফলে ভূমিবিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।১৯৯৯ সাল থেকে কয়েকজনকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের অন্যতম যুগ্ম আহ্বায়ক মিহির বিশ্বাস। তিনি বলেন, এ পর্যন্ত ভূমি কমিশন আইনের পরস্পরবিরোধী ধারাগুলোর কোনো পরিবর্তন করা হয়নি।নাগরিক সংহতির সংগঠক আমিনুর রশিদ বলেন, পার্বত্য চুক্তির এক যুগ পার হয়ে গেলেও ভূমিবিরোধ ও ভূমি ব্যবস্থাপনাসংক্রান্ত বিধান বাস্তবায়নের গতি খুবই ধীর। অন্যদিকে, ভূমি কমিশন আইনের পরস্পরবিরোধী ধারা সংশোধনের বিষয়টি বছরের পর বছর ঝুলিয়ে রাখার কারণে পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত দাঙ্গা-হাঙ্গামা হচ্ছে এবং বহিরাগত বাঙালিদের পাহাড়িদের জায়গা-জমি জবরদখলের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে সরকারের কাছে এ বিষয়টি দ্রুত ও আন্তরিকতার সঙ্গে সমাধানের দাবি জানানো হয়।