পার্বত্য এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার পরামর্শ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এ সুপারিশ করা হয়।
সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সেখানকার বিবদমান কয়েকটি গোষ্ঠীর মধ্যে অন্তর্ঘাতমূলক সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে। একই সঙ্গে খুন, অপহরণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডও বৃদ্ধি পেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সংসদীয় স্থায়ী কমিটির আজকের বৈঠকে এই সুপারিশ করা হলো।
বৈঠক শেষে কমিটির সদস্য এম আবদুল লতিফ সাংবাদিকদের বলেন, পার্বত্য এলাকায় অবৈধ অস্ত্র আছে। সেগুলো উদ্ধার করতে হবে। প্রয়োজনে বিশেষ অভিযান চালানো যেতে পারে। তবে অভিযানে যাতে কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
সভায় সংসদীয় কমিটি পার্বত্য এলাকায় ব্যাপক কর্মসৃজনের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার করার সুপারিশ করেছে। কমিটি মনে করে, পার্বত্য চট্টগ্রামকে দেশের মূল ধারার সঙ্গে সম্পৃক্ত করতে সেখানে ব্যাপকভিত্তিক উন্নয়নের বিকল্প নেই। এ জন্য পার্বত্য এলাকায় নতুন নতুন প্রকল্প নিতে হবে। সরকারি দপ্তরগুলোর জন্য শূন্য পদ পূরণ করতে হবে।
সভায় পার্বত্য জেলাগুলোতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সমতলে বদলির আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া বদলি করা ব্যক্তির জায়গায় অন্য কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত বদলি করা ব্যক্তিকে অবমুক্ত না করার পরামর্শ দেওয়া হয়। প্রকৃত অবস্থা বিশ্লেষণ করে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে কোনো ঘাটতি থাকলে তা দেখার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, এম আবদুল লতিফ, উষাতন তালুকদার ও ফিরোজা বেগম উপস্থিত ছিলেন।