বান্দরবানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
পার্বত্য এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য জেলার চেয়ে ভালো
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, ‘তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে দেশের অন্যান্য জেলার তুলনায় ভালো। এখানকার অবস্থা আরও ভালো করার জন্য পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আমি বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা সফরে এসেছি।’ গতকাল রোববার বান্দরবানে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, যারা পার্বত্যচুক্তির বিরোধিতা করেছে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে তা বাতিল করতে পারেনি, তাদের কারণে পার্বত্য জেলাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে। তাদের দ্বিমুখী নীতি দেশের জন্য শুভ নয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বছর ১৩ হাজার পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে। এই নিয়োগের ক্ষেত্রে আদিবাসী প্রার্থীদের উচ্চতার শর্ত পাঁচ ফুট ছয় ইঞ্চি থেকে কমিয়ে পাঁচ ফুট চার ইঞ্চি করা হয়েছে। তিনি বলেন, কক্সবাজার সমুদ্রসৈকতে পরীক্ষামূলকভাবে নিয়োগ দেওয়া পর্যটন পুলিশ বান্দরবান ও রাঙামাটিতেও নিয়োগ দেওয়া হবে। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আসাদুজ্জামান রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিমন্ত্রীর কাছে নির্দেশনা চান। তবে প্রতিমন্ত্রী এ প্রসঙ্গে কিছু বলেননি। জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়াতনে অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর, জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল, থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান খামলাই ম্রো, জেলা আওয়ামী লীগের সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা প্রমুখ উপস্থিত ছিলেন।