পার্বত্য এলাকার নেতাদের সঙ্গে আলোচনা করবে বাপেক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে সেখানকার স্থানীয় নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করা হবে। পার্বত্য অঞ্চলের স্থানীয় নেতাদের মতামতের ভিত্তিতে বাপেক্স (রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী প্রতিষ্ঠান) সেখানে অনুসন্ধানের কাজ করবে। এ লক্ষ্যে শিগরিগই রাঙামাটিতে মতবিনিময় সভা ডাকা হবে।
গতকাল বুধবার বিকেলে ঢাকায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা।
‘পার্বত্য অঞ্চলের কাঁচালং ও সীতাপাহাড় ভূগঠনে তেল-গ্যাস উত্তোলনে বাপেক্সের সঙ্গে স্থানীয় জেলা পরিষদগুলোর রয়ালটি ও টোল নির্ধারণ’ বিষয়ে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুজ্জামান, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজ্যরি চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা, সুবর্ণা চাকমা প্রমুখ।
সভা সূত্র জানায়, আঞ্চলিক পরিষদের প্রতিনিধিরা সভায় বলেছেন, ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন সমস্যার সমাধান না হওয়া এবং পার্বত্য এলাকার ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কাজ শুরু হলে মানুষের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে।
এ বিষয়ে আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পুনর্বাসন-সংক্রান্ত ও ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কাজ শেষ না হওয়ার আগে তেল-গ্যাস উত্তোলনের কাজ শুরু হলে পার্বত্যচুক্তি বাস্তবায়নে আবার আস্থাহীনতা দেখা দেবে। এ বিষয়গুলো আঞ্চলিক পরিষদ থেকে তুলে ধরা হয়েছে।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুজ্জামান সভা শেষে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে পার্বত্য চট্টগ্রামের সব শ্রেণি-পেশার নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করা হবে। নেতাদের মতামতের ভিত্তিতে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কাজ শুরু করা হবে।
মো. আতিকুজ্জামান বলেন, পার্বত্য অঞ্চলে তেল ও গ্যাস পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তবে পার্বত্যবাসীদের ভুল ধারণা দেওয়া হয়েছে, সেখানে ব্যাপক বিস্ফোরণ ঘটিয়ে ও মাটি খনন করে তেল-গ্যাস উত্তোলন করা হবে। প্রকৃতপক্ষে সে রকম কোনো কিছু করা হবে না। মতবিনিময়ের সময় পার্বত্য এলাকার নেতাদের কাছে এসব বিষয় তুলে ধরা হবে।