বেসরকারি উন্নয়ন সংস্থার (্এনজিও) প্রতিনিধিরা অভিযোগ করেছেন, সমন্বয়ের নামে পার্বত্য এলাকায় এনজিও পরিচালিত উন্নয়ন কার্যক্রম নিয়ন্ত্রণের চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। এ ছাড়া জনবল ও উপকারভোগীর বিভক্তিমূলক ছক পূরণে বাধ্য করা হচ্ছে পাহাড়ি ও বাঙালিদের। এর মাধ্যমে দুই জাতিগোষ্ঠীর মধ্যে দূরত্ব বাড়ছে।রাঙামাটি জেলা পরিষদের সম্মেলনকক্ষে গতকাল বুধবার চারটি বেসরকারি সংস্থার উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন শীর্ষক কর্মশালায় বক্তারা এসব অভিযোগ করেন। বেসরকারি সংস্থা সিআইপিডি, গ্লোবাল ভিলেজ, মালেয়্যা ফাউন্ডেশন ও সাস এ কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এতে সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থা সিআইপিডির প্রধান নির্বাহী জন লাল চাকমা। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার চেয়ারম্যান সাইফুল ইসলাম। কর্মশালায় বক্তারা বলেন, উন্নয়ন কার্যক্রম সমন্বয়ের জন্য পার্বত্য আঞ্চলিক পরিষদের ভূমিকা নির্দিষ্ট করা প্রয়োজন। একই সঙ্গে সরকারি, আধা সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় এবং আস্থার পরিবেশ গড়ে তোলা জরুরি। এ ছাড়া পার্বত্যাঞ্চলের উন্নয়নের মূল ধারায় নারীদের সম্পৃক্ত করতে পার্বত্য নারী নীতি প্রণয়নের দাবি জানান তাঁরা।অনুষ্ঠানে বক্তারা, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন রূপকল্প (ভিশন) তৈরিতে পার্বত্য আঞ্চলিক পরিষদের উদ্যোগী হওয়া এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিপত্র মোতাবেক এনজিওবিষয়ক কার্যক্রম তত্ত্বাবধান ও সমন্বয়ের জন্য পার্বত্য জেলা পরিষদকে ক্ষমতায়িত করার সুপারিশ করেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়নকর্মী অশোক কুমার চাকমা। এ ছাড়া রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কার্যক্রম তুলে ধরেন অরুণেন্দু ত্রিপুরা ও শফিকুল ইসলাম। এদিকে রাঙামাটির জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল এনজিও কার্যক্রম নিয়ন্ত্রণের অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, নিবন্ধিত ৪৮টি এনজিওকে সহযোগিতা দিতে জেলা প্রশাসন সব সময় প্রস্তুত। পাহাড়ি ও বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়—এমন কর্মকাণ্ডে কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, জনবল ও উপকারভোগীর ছক পূরণের শর্তটি এনজিও ব্যুরো ও রেগুলেটরি কমিটির। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সদস্য অধ্যাপক মংসানু চৌধুরী, হিমওয়ান্তি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারপারসন টুকু তালুকদার, এইচএসডিওর নির্বাহী পরিচালক ওমর ফারুক, আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, বাংলাদেশ মহিলা পরিষদের রাঙামাটি জেলা সভাপতি কনিকা বড়ুয়া, টংগ্যার নির্বাহী পরিচালক অমর সাধন চাকমা।