পার্বত্য এলাকায় কৃষি পরিকল্পনা ইউনিটের কার্যক্রম শুরু
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও কৃষিক্ষেত্রে উন্নয়নের সম্ভাবনাকে কাজে লাগাতে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) সহায়তায় পার্বত্য চট্টগ্রামে তিন জেলায় তিনটি কৃষি উন্নয়ন পরিকল্পনা ইউনিট স্থাপন করা হয়েছে।
গতকাল রোববার এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর উশৈসিং বলেন, পার্বত্য চট্টগ্রামে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকািবলা রোধে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। সে পরিকল্পনা গ্রহণে স্থানীয় জনগণের জ্ঞানভিত্তিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলনকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু, রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও চাথুই অং মারমা, কৃষি সম্প্রসারণ বিভাগের খামারবাড়ীর মহাপরিচালক আবু হানিফ মিয়া।
ফাও প্রতিনিধি মাইক রবসন পার্বত্য চট্টগ্রামে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার কর্মপন্থা, মাঠপর্যায়ের কার্যক্রম এবং কৃষি উন্নয়নের পটভূমি, উদ্দেশ্য, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে স্লাইড প্রদর্শন করেন।