পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের নাড়াইছড়ি এবং খাগড়াছড়ির দীঘিনালার হাজাছড়া ও মেরুং—এই তিনটি রেঞ্জ এলাকায় সরকারঘোষিত সংরক্ষিত বনাঞ্চলের পরিমাণ ৭২ হাজার ৩৬১ একর। তবে নামেই এটা সংরক্ষিত বনাঞ্চল। প্রকৃতপক্ষে পুরো এলাকা অরক্ষিত। পাহারা না থাকায় ইতিমধ্যে উজাড় হয়েছে কোটি কোটি টাকার গাছ। রেঞ্জগুলোর বনে এখন আর গাছ নেই, আছে গাছের মোথা। জানা গেছে, ১৯৮৬ সালে ‘নিরাপত্তাজনিত’ কারণে রেঞ্জ তিনটির কার্যালয় গুটিয়ে আনা হয়। তখন থেকে এই তিন রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চল সম্পূর্ণ অরক্ষিত। খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৬২ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ‘ঝুম’ নিয়ন্ত্রণ বন বিভাগের আওতাধীন হাজাছড়া ও মেরুং রেঞ্জে সরকারিভাবে বনায়ন হয়। ওই সময় সেগুন, গর্জন, গামারি, ছাতিয়ানসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। ১৯৯৮ সালে হাজাছড়া রেঞ্জের আওতায় মোট ১২ হাজার ৩৫০ একর এবং মেরুং রেঞ্জের আওতায় মোট পাঁচ হাজার ৮৯৯ দশমিক ৬২ একর এলাকাকে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করা হয়। পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন নাড়াইছড়ি রেঞ্জটির আওতাধীন বনাঞ্চলকে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করা হয় ব্রিটিশ আমলে। এখানে বনায়নও হয় ব্রিটিশ আমলে। এ রেঞ্জের আওতায় বনাঞ্চলের পরিমাণ ৫৪ হাজার ১১২ একর। উপজেলার বাবুছড়া থেকে নাড়াইছড়ি রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চল ভারত সীমান্ত পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার বিস্তৃত।সূত্র জানায়, নাড়াইছড়ি, হাজাছড়া ও মেরুং রেঞ্জের আওতাধীন বনে ১৯৮৬ সালের আগে বিভিন্ন প্রজাতির বনজ বৃক্ষে পরিপূর্ণ ছিল। ১৯৮৬ সালে নিরাপত্তার কারণে রেঞ্জগুলোর কার্যালয় সরিয়ে আনা হয়। তখন থেকে বন উজাড় শুরু। বর্তমানে বনে কোনো কর্তনযোগ্য গাছ নেই। সংরক্ষিত বনাঞ্চলের কোনো কোনো পাহাড় একেবারেই ‘ন্যাড়া’। বন বিভাগের প্রহরীরা নিরাপত্তার কারণে বন পাহারাও দিতে পারেন না। বন বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নিরাপত্তার অজুহাতে বন বিভাগের কিছু কর্মকর্তার মদদ নিয়ে এসব বনাঞ্চলের গাছ পাচার হয়েছে। ২০০৫ সাল পর্যন্ত গাছ পাচার অব্যাহত ছিল। ওই কর্মকর্তা জানিয়েছেন, নাড়াইছড়ি বনাঞ্চলটি ধ্বংস করা হয়েছে মূলত ১৯৯৭ থেকে ২০০৬ সালের মধ্যে। নয় বছরে প্রকাশ্যে নাড়াইছড়ি থেকে মাইনী নদীপথে সংরক্ষিত বনের গাছ কেটে পাচার করা হয়েছে। দীঘিনালা থেকে ঢাকায় প্রতিদিন গড়ে দেড় শ ট্রাক বিনা পারমিট ওটির (ওপেন ট্রান্সপোর্ট) মাধ্যমে প্রকাশ্যে গাছ পাচার করা হয়েছে। ওই সময়ে বন বিভাগের কর্মকর্তারা এই পাচারকাজের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ জরুরি অবস্থার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই রেঞ্জের আওতাধীন সরকারি বনের ১২ কোটি টাকা মূল্যের প্রায় এক লাখ ২০ হাজার ঘনফুট কাঠ জব্দ করে। বর্তমানে রেঞ্জগুলোতে নতুন বনায়ন কার্যক্রম নেই। শুধু ব্যক্তিমালিকানাধীন বাগানের জোত পারমিট ইস্যু করা ছাড়া বন বিভাগের আর কোনো কাজ নেই। বন বিভাগের লোকজন নিরাপত্তার কারণে সংরক্ষিত বনাঞ্চলে যায় না। এদিকে সংরক্ষিত বনাঞ্চল নিয়ে বন বিভাগ ও আদিবাসীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। আদিবাসীরা বেশ কয়েকটি মৌজার ভূমিকে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণার বিরোধিতা করেছে এবং এ ঘোষণা বাতিলের দাবি তুলেছে। উপজেলা হেডম্যান ও কার্বারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২০১০ সালের ২৪ নভেম্বর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও ৫৬ নম্বর বড় হাজাছড়া মৌজার হেডম্যান দীপঙ্কর দেওয়ান বলেন, বন বিভাগ সংরক্ষিত বন ঘোষণার আগে হেডম্যানদের সঙ্গে আলোচনা করেনি। যে মৌজার এলাকাগুলো সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করা হয়েছে, সেখানে কয়েক হাজার আদিবাসী পরিবারের বসবাস এবং তারা সবাই ১৯৬০ সালের কাপ্তাই বাঁধের কারণে ক্ষতিগ্রস্ত। শিমূলতলী গ্রামের রিটন চাকমা, হাজাছড়ার চিকন্যা চাকমা, সোনাবি চাকমাসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, তাঁরা এখানে কয়েক যুগ ধরে বাস করছেন। এখন এই জায়গা যদি বন বিভাগ নিয়ে যায়, তাহলে তাঁরা ভিটেছাড়া হবেন। এ প্রসঙ্গে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা শংকরকুমার কর বলেন, ‘নিরাপত্তার কারণে সংরক্ষিত বনাঞ্চলে যাওয়া হয় না। সম্পূর্ণ বনই অরক্ষিত এবং বনে কী পরিমাণ গাছ আছে, তাও বলতে পারছি না।’ পার্বত্য চট্টগ্রাম ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের হাজাছড়া রেঞ্জ কর্মকর্তা তুষারকান্তি ঘোষ বলেন, অনেক আগেই এই এলাকাকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করেছে সরকার। এ নিয়ে আদিবাসীদের সঙ্গে বন বিভাগের দ্বন্দ্ব হওয়ার প্রশ্নই আসে না। মেরুং রেঞ্জ কর্মকর্তা গঙ্গাপ্রসাদ চাকমা বলেন, ‘আমাদের রেঞ্জের আওতাধীন বন অনেক আগেই ধ্বংস হয়েছে। বর্তমানে সামান্য অংশীদারিমূলক আগর বনায়ন ছাড়া আর কোনো কার্যক্রম নেই।’ খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি প্রদীপ চৌধুরী বলেন, নিরাপত্তার অজুহাত দেখিয়ে বিশাল বন অরক্ষিত রাখা দুঃখজনক।