পার্বত্য কমিশনের গাড়িতে হামলা, পুলিশসহ আহত ২
পুলিশ পাহারায় চট্টগ্রাম যাওয়ার পথে রাঙামাটির ওমদা মিয়া হিল এলাকায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি কমিশন) গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ দুজন আহত হয়েছেন।
আজ শনিবার বেলা পৌনে একটার দিকে ওই হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় আহত ব্যক্তিরা হলেন রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ সোহেল এবং কমিশনের গাড়িতে থাকা মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান। তিনি হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক। তাঁদের কোতোয়ালি থানায় প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।
কমিশনের সফর প্রতিহত করতে রাঙামাটিতে ছয়টি বাঙালি সংগঠনের ডাকে আজ শনিবার দ্বিতীয় দিনের মতো অবরোধ চলছে। রাঙামাটির বেশ কয়েকটি এলাকায় গাছের গুঁড়ি ফেলে রাস্তা বন্ধ করে রেখেছেন অবরোধকারীরা। এসব এলাকায় কোনো যান চলাচল করছে না বলে খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সিএইচটি কমিশনের সদস্যরা পুলিশ পাহারায় গাড়িতে করে রাঙামাটির পর্যটন কমপ্লেক্স থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় ওমদা মিয়া হিল এলাকায় তাঁদের গাড়িতে ইটপাটকেল ছুড়ে, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়।
সিএইচটি কমিশনের মুখপাত্র হানা সামস আহমেদ বলেন, আন্দোলনরত বাঙালি সংগঠনগুলো হামলার ঘটনা ঘটিয়েছে। নিরাপত্তার জন্য সিএইচটি কমিশনের সবাইকে থানায় নেওয়া হয়েছে। সেখান থেকে তাঁরা চট্টগ্রামে চলে যাবেন।
পার্বত্য চট্টগ্রাম সম-আন্দোলনের রাঙামাটি জেলা শাখার সভাপতি কেয়ার আহমেদ খান বলেন, হামলায় তাঁদের কেউ জড়িত নন। স্থানীয় লোকেরা হামলা চালাতে পারেন। প্রশাসনের মাধ্যমে কমিশনের সঙ্গে তাঁদের সমঝোতা হয়েছে। কমিশন রাঙামাটিতে আর কোনো অনুষ্ঠান করবে না জানিয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি যাওয়ার পথে সিএইচটি কমিশনের সদস্যদের বাধা দেয় বাঙালি সংগঠন পার্বত্য নাগরিক পরিষদ। এ সময় ফিশারিঘাট এলাকায় পার্বত্য নাগরিক পরিষদের সদস্যরা তাঁদের যানবাহন দিয়ে আটকান। পরে সিএইচটি কমিশনের সদস্যরা পর্যটন কমপ্লেক্সে ফিরে যান।
অবরোধ
রাঙামাটি শহরের তবলছড়ি, ওমদা মিয়া হিল, পুরাতন বাসস্ট্যান্ড, ফিশারিঘাট ও বনরূপা এলাকায় বিভিন্ন সড়কে সকাল থেকেই অবরোধকারীরা অবরোধ করে রাখেন। গাছ ফেলে সড়কগুলো আটকে দেওয়া হয়। এসব এলাকায় কোনো যান চলছে না।
সিএইচটি কমিশন চলে গেলে অবরোধ তুলে নেওয়া হতে পারে আন্দোলনকারী সংগঠনগুলো জানিয়েছে।
সিএইচটি কমিশনের রাঙামাটি সফর প্রতিহত করতে বাঙালিদের ছয়টি সংগঠনের ডাকা ৩৬ ঘণ্টা অবরোধের প্রথম দিন ছিল গতকাল শুক্রবার। অবরোধকারী বাঙালি সংগঠনগুলো পরে শর্ত সাপেক্ষে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয়। কিন্তু সিএইচটি কমিশন রাঙামাটি আসার খবর পেয়ে আজ থেকে আবার অবরোধের ঘোষণা দেওয়া হয়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালের নেতৃত্বে সিএইচটি কমিশনের একটি দল গতকাল খাগড়াছড়িতে যায়। আজ তারা রাঙামাটি আসছিল। পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের ছয়টি সংগঠন সিএইচটি কমিশনের বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগ তোলে। সিএইচটি কমিশনের রাঙামাটি সফর প্রতিহত করতে বাঙালি সংগঠনগুলো রাঙামাটিতে ৩৬ ঘণ্টার অবরোধ ঘোষণা করে।