পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও পল্লী সঞ্চয় ব্যাংক বিল পাস
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ন ও চলমান রাখতে সংসদে আজ বুধবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিল ২০১৪ পাস করা হয়েছে।
এ ছাড়া পল্লি এলাকার দরিদ্র মানুষের সঞ্চয়, অর্জিত অর্থ লেনদেন, রক্ষণাবেক্ষণ ঋণ ও অগ্রিম প্রদান এবং বিনিয়োগসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধান করে পল্লী সঞ্চয় ব্যাংক বিল-২০১৪ পাস হয়েছে। খবর বাসসের।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিল
পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং বিলটি পাসের প্রস্তাব করেন। বিলে একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান ও চারজন সদস্যের সমন্বয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নামে একটি বোর্ড প্রতিষ্ঠার বিধান করা হয়। বোর্ডের চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে উপজাতীয়দের অগ্রাধিকার দেওয়ার বিধান করা হয়েছে।
বিলে বোর্ডের কার্যালয়, সাধারণ পরিচালনা ও প্রশাসন, পরিচালনা বোর্ড গঠন, বোর্ডের কার্যাবলী, পরিচালনা বোর্ডের সভা, পরামর্শক কমিটি, প্রকল্প বাস্তবায়ন, তহবিল, প্রবেশের ক্ষমতা, ভূমির অধিগ্রহণ, ঋণ গ্রহণের ক্ষমতা, বাজেট, হিসাবরক্ষণ ও নিরীক্ষাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়। বিলে বিদ্যমান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অধ্যাদেশ রহিত করা হয়।
পল্লী সঞ্চয় ব্যাংক বিল
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি পাসের প্রস্তাব করেন। বিলের বিধান বলবত্ হওয়ার পর সরকারি গেজেটের মাধ্যমে যত শিগগির সম্ভব পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করা হবে বলে বিলে বিধান করা হয়েছে।
বিলে ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়, শেয়ার হোল্ডার, নিবন্ধিত শেয়ার হোল্ডার সমিতির তালিকাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধান করা হয়।
বিলে ব্যাংকের অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা এবং অনুমোদিত মূলধনে প্রতিটি ১০০ টাকার ১০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত করার বিধান করা হয়। তবে সময়ে সময়ে সরকারের অনুমোদনক্রমে এ মূলধন বৃদ্ধি করার বিধান করা হয়।
বিলে ব্যাংকের পরিশোধিত শেয়ার মূলধন ২০০ কোটি টাকা, যার ৫১ ভাগ সরকারের এবং ৪৯ ভাগ সমিতির পরিশোধ করার বিধান করা হয়। তবে সরকারের অনুমোদনক্রমে সময়ে সময়ে এ পরিশোধিত মূলধন বৃদ্ধি করা যাবে বলে বিধান করা হয়।
বিলে একজনকে চেয়ারম্যান করে ১০ সদস্যের ব্যাংকের পরিচালনা বোর্ড গঠনের বিধান করা হয়। এ ছাড়া বিলে বোর্ডের কার্যকাল, কার্যক্রম, সভা, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, কমিটি, ব্যাংকের কার্যাবলী, ঋণ প্রদানের বিধান, হিসাব, নিরীক্ষা, সংরক্ষিত তহবিল, মুনাফার ব্যবহার, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, ব্যাংকের পাওনা আদায়, দণ্ড, অপরাধের আমলযোগ্যতা, অবসায়ন, বিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়।