সেমিনারে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের বিকল্প নেই
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘পাহাড়ি আদিবাসীদের মানবাধিকার রক্ষায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। সরকার বলে এসেছে চুক্তি বাস্তবায়নের কথা। কিন্তু একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা তার বাস্তবায়ন দেখতে চাই।’
সরকারের উদ্দেশে মিজানুর রহমান বলেন, ‘চুক্তির কয়টি ধারা বাস্তবায়ন করা হয়েছে সেই সংখ্যা গুরুত্বপূর্ণ নয়। শুধু ভূমির অধিকার বাস্তবায়ন করুন। তাতেই অনেক কিছু বাস্তবায়িত হয়ে যাবে। আর আইনশৃঙ্খলা রক্ষা করে শান্তি রক্ষা করুন।’
জাতিসংঘের ‘ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউর (ইউপিআর) সুপারিশ বাস্তবায়নে অগ্রগতি: আদিবাসী প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মিজানুর রহমান এসব কথা বলেন। অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় কাপেং ফাউন্ডেশন গতকাল বৃহস্পতিবার সকালে সিরডাপ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদেকা হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মিজানুর রহমান বলেন, পাহাড়িদের যাতে নিজ ভূমে পরবাসী হয়ে থাকতে না হয়, সে জন্য পার্বত্য চট্টগ্রামকে অপারেশন উত্তরণ থেকে উত্তরণ ঘটাতে হবে। না হলে বর্তমান অবস্থা চলতে থাকলে পাহাড়ে আদিবাসী নির্মূল হতে আর বেশি দিন লাগবে না। তবে যেকোনো পরিস্থিতিতে আদিবাসী ও সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়াতে মানবাধিকার কমিশন পিছপা হবে না। তিনি বলেন, এখন সময় এসেছে আদিবাসী ও সংখ্যালঘুদের জন্য জাতীয় সংসদের নির্দিষ্টসংখ্যক আসন সংরক্ষিত রাখার। এসব আসনে শুধু আদিবাসী ও সংখ্যালঘুরাই নির্বাচিত হবেন।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, একটি ঐক্যবদ্ধ জাতিসত্তা মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ দেশ গড়ার জন্য অপরিহার্য। কিন্তু যেভাবে সংখ্যালঘু ও আদিবাসী নির্যাতন চলছে, তাতে অচিরেই তাদের নিশ্চিহ্ন হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। জাতিসংঘে সরকার যেভাবে বিষয়গুলো উপস্থাপন করে, বাস্তবতার সঙ্গে তার ব্যবধান অনেক। পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য একটি সময়সূচিভিত্তিক পথনকশা তৈরি করে অগ্রসর হতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
সেমিনারে এনজিওব্যক্তিত্ব খুশী কবির বলেন, আদিবাসীদের জমি দখল করা হচ্ছে। নারীদের ধর্ষণ করা হচ্ছে একাত্তরের পাকিস্তানি সেনাবাহিনীর মানসিকতায়।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সালমা আখতার জাহান পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সরকারের কার্যক্রম বর্ণনা করেন। তিনি বলেন, সরকার পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করতে বদ্ধপরিকর।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন কাপেং ফাউন্ডেশনের বিনতা ময় ধামাই। এতে গত বছরের ২৯ এপ্রিল জেনেভায় অনুষ্ঠিত ইউপিআরে বাংলাদেশ জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর যেসব প্রশ্নের মুখোমুখি হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে যেসব অঙ্গীকার করেছিল, সেগুলোর বাস্তবায়ন সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে পার্বত্য চুক্তির বাস্তবায়ন, সংখ্যালঘুদের মানবাধিকার প্রতিষ্ঠা, আদিবাসী নারী নির্যাতন রোধ প্রভৃতি।
মূল বক্তব্যে উপস্থাপিত পর্যালোচনায় দেখা যায়, সরকারের এসব অঙ্গীকারের প্রধান বিষয়গুলো বাস্তবায়িত হয়নি। ২০১৭ সালে আবার বাংলাদেশকে ইউপিআরের মুখোমুখি হতে হবে। প্রথমবার বাংলাদেশকে ইউপিআরে অংশ নিতে হয় ২০০৯ সালে। প্রতি চার বছর অন্তর একেকটি দেশকে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর মুখোমুখি হয়ে নিজ দেশে মানবাধিকার, আদিবাসী ও সংখ্যালঘুদের অবস্থা, সমস্যা, উন্নয়ন সম্পর্কে প্রশ্নের জবাব দিতে হয়।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কাপেং ফাউন্ডেশনের চেয়ারম্যান রবীন্দ্রনাথ সরেন, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং ও অ্যাকশনএইড বাংলাদেশের অন্যতম পরিচালক আসগর আলী সাবরী। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে সেমিনারে অংশ নিতে আসা আদিবাসী নারী-পুরুষ মুক্ত আলোচনায় অংশ নেন। তাঁরা নিজ নিজ এলাকায় তাঁদের ওপর পরিচালিত নির্যাতন, ভূমি দখল প্রভৃতির চিত্র তুলে ধরেন।