পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এলাকার পাঁচটি আদিবাসী গ্রামে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে ঘটনার দ্রুত নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং দোষী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়েছে। গতকাল রোববার পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। এদিকে গতকাল ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদ মাটিরাঙ্গায় আদিবাসী গ্রামে হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। দুপুর একটায় সংগঠন দুটির নেতা-কর্মীরা রাঙামাটি সদর উপজেলার কুতুবছড়িতে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা করে। সমাবেশে হামলাকারী বাঙালিদের গ্রেপ্তার ও শাস্তি, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদান এবং আদিবাসীদের নিরাপত্তা বিধানসহ সসম্মানে নিজ নিজ জায়গায় ফিরিয়ে আনার দাবি জানানো হয়। গত শনিবার কামাল হোসেন নামের এক ব্যক্তির অপহূত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাঙালিরা পাঁচটি আদিবাসী গ্রামে হামলা ও অগ্নিসংযোগ করে। এ সময় আদিবাসীরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমানায় আশ্রয় গ্রহণ করে।