পার্বত্য চট্টগ্রাম নিয়ে আশঙ্কার কথা বললেন মেনন

আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের সভাপতি সাংসদ রাশেদ খান মেনন আশঙ্কা প্রকাশ করে বলেছেন, শান্তিচুক্তির আগের অবস্থায় চলে যেতে পারে পার্বত্য চট্টগ্রাম।
আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক আদিবাসী দিবস ও আদিবাসীদের ভূমি অধিকার বিষয়ে একটি সেমিনারে এ আশঙ্কার কথা বলেন রাশেদ খান মেনন।
পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে মেনন বলেন, সেখানকার ভূমি-সমস্যার কোনো সমাধান হচ্ছে না। এটাই ওই অঞ্চলে অস্থিরতা তৈরি করছে বলে মত দেন তিনি।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন অভিযোগ করেন, ‘আদিবাসী’ শব্দটি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করা হয়েছে। অথচ আওয়ামী লীগের ইশতেহারে একাধিকবার শব্দটি ব্যবহার করা হয়েছে।
আদিবাসী শব্দটি নিয়ে বিতর্ক প্রসঙ্গে রাশেদ খান মেনন বলেন, শব্দটি নিয়ে যখন বিতর্ক শুরু হলো, তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুবিভাগ যুক্তি দেখিয়েছে, এই শব্দ ব্যবহার করা হলে বাংলাদেশকে অনেক আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। দেশে তা বিচ্ছিন্নতা সৃষ্টি করবে। অনুবিভাগকে এসব বুঝিয়েছে সামরিক গোয়েন্দা বাহিনী। পার্বত্য চট্টগ্রামে সামরিক বাহিনীর উপস্থিতির যৌক্তিকতা প্রমাণে এসব করা হয়েছে।
মেনন বলেন, ‘স্বয়ং প্রধানমন্ত্রীকে বলতে শুনেছি, বাঙালিরাই এ অঞ্চলের আদি বাসিন্দা। কিন্তু “আদিবাসী” ও “আদি বাসিন্দা”—এ দুটির অর্থ ভিন্ন। “আদিবাসী” শব্দের ভিন্ন মর্মার্থ রয়েছে।’
কলাম লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, হেফাজতের মতো আদিবাসীরা আন্দোলন করতে পারলে তাদের দাবিও মেনে নিত সরকার। কিন্তু আদিবাসীরা হেফাজতের মতো নয়। তাদের বিশ্বদৃষ্টি আছে। হেফাজতিদের তা নেই।
অনুষ্ঠানে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ আবুল বারকাত, চাকমা রাজা দেবাশীষ রায় ও আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।