আন্তর্জাতিক কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। তবে এই জটিলতা নিরসন অসম্ভব নয়। কারণ, সরকার ও সুশীল সমাজ জটিলতার নিরসন চায়।গত ১৪ বছরে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে উল্লেখ করে কমিশন বলেছে, এটা দুঃখজনক। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামে খুন, ধর্ষণ, জুম্মদের ভূমি দখল ও উচ্ছেদের অব্যাহত ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কমিশন।কমিশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। গত ২২-২৯ নভেম্বর এ দেশে কমিশনের ষষ্ঠ মিশন শেষে গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে কমিশনের অন্যতম যুগ্ম চেয়ারপারসন (কো-চেয়ার) মিজ এলসা স্টেমাটোপোলু বলেন, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি অত্যন্ত জটিল। সেখানে জরুরি ভিত্তিতে ইতিবাচক পদক্ষেপ নেওয়া দরকার। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এসব ক্ষেত্রে সরকারকেই উদ্যোগী হতে হবে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কমিশনের অন্যতম যুগ্ম চেয়ারপারসন (কো-চেয়ার), বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। ওই বক্তব্যে পার্বত্য চট্টগ্রামে প্রতিকারহীন মানবাধিকার লঙ্ঘনের উল্লেখ করে বলা হয়, প্রকৃতপক্ষে সেখানে অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি চলছে। অপরাধী-নির্যাতনকারীদের শাস্তি হয় না। সামরিক-বেসামরিক প্রশাসনের অবহেলা ও কোনো ক্ষেত্রে সহায়তায় ভূমি দখল, ভূমি থেকে উচ্ছেদের ঘটনাও ঘটে চলেছে। বেসামরিক প্রশাসন ক্রমশ দুর্বল হচ্ছে। সুলতানা কামাল বলেন, কমিশন কাজের সময় অবাঞ্ছিত বাধা ও হস্তক্ষেপের সম্মুখীন হয়েছে। বেসামরিক প্রশাসন ও একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এই বাধা সৃষ্টি করেন। তাঁরা পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের সঙ্গে কমিশনের আলাপ-আলোচনায় উপস্থিত থাকতে চান। এ ব্যাপারে তাঁরা কয়েকটি মন্ত্রণালয়ের লিখিত নির্দেশও দেখান। ফলে কমিশন বান্দরবানে মিশন স্থগিত করতে বাধ্য হয়। কারণ, কমিশনের সঙ্গে জনগণের আলাপ-আলোচনার গোপনীয়তা নিশ্চিত করা কমিশনের অন্যতম মূলনীতি।ষষ্ঠ মিশনের পর্যবেক্ষণের ভিত্তিতে কমিশন কতিপয় সুপারিশ উপস্থাপন করেছে। এগুলো হলো: মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলি তদন্ত ও অনুসন্ধানে একটি স্বতন্ত্র ও নিরপেক্ষ কমিশন গঠন করা। এর মাধ্যমে অপরাধের দায়মুক্তির সংস্কৃতি থেকে বের হয়ে আসা সম্ভব হবে। পার্বত্য চট্টগ্রামের পুলিশ বাহিনীতে জুম্মদের নিয়োগ করা। পুলিশের বদলি পার্বত্য জেলা পরিষদের হাতে ন্যস্ত করা।সুপারিশে আরও রয়েছে, সেনাবাহিনীর অপারেশন উত্তরণ বন্ধ ও নিরাপত্তা বাহিনীর অস্থায়ী ক্যাম্প অপসারণের একটি সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা, পার্বত্য ভূমি কমিশন আইনের সংশোধনী পাস, আঞ্চলিক ও তিন পার্বত্য জেলা পরিষদসহ বেসামরিক প্রশাসনকে অধিকতর কার্যকর করা। কমিশনের অন্যতম সদস্য সারা হোসেন সাংবাদিকদের কিছু প্রশ্নের জবাব দেন। কমিশনের উপদেষ্টা মেঘনা গুহ ঠাকুরতা এ সময় উপস্থিত ছিলেন।