পার্বত্য চট্টগ্রাম বোর্ড ও পল্লী সঞ্চয় ব্যাংক বিল সংসদে পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে গতকাল বুধবার ‘পার্বত্য চট্টগ্রাম বোর্ড বিল, ২০১৪’ ও ‘পল্লী সঞ্চয় ব্যাংক বিল, ২০১৪’ পাস হয়েছে।
পল্লি এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঞ্চয় ও অর্জিত লেনদেন রক্ষণাবেক্ষণ, ঋণ ও অগ্রিম প্রদান এবং বিনিয়োগের জন্য পল্লী সঞ্চয় ব্যাংকটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
বিলে এই ব্যাংকের অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা রাখার বিধান করা হয়েছে। ব্যাংকের পরিশোধিত মূলধন ২০০ কোটি টাকা রাখা হয়েছে, যার ৫১ শতাংশ দেবে সরকার এবং ৪৯ শতাংশ দেবে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের অধীনে গঠিত সমিতি।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিল সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এ বিল পাসের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অধ্যাদেশ, ১৯৭৬ রহিত হবে।
বিলে বলা হয়েছে, বোর্ড পার্বত্য এলাকার উপজেলা সদর, ইউনিয়ন ও গ্রামের জন্য সর্বোচ্চ দুই কোটি টাকার প্রকল্প ও স্কিম অনুমোদন করতে পারবে। ১৯৭৬ সালের অধ্যাদেশে সর্বোচ্চ ২৫ লাখ টাকার প্রকল্প অনুমোদনের ক্ষমতা ছিল।