পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন দাবি
এক সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধন ও ভূমি কমিশনের চেয়ারম্যানের অপসারণের দাবি জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার মুক্তাঙ্গনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, পার্বত্যাঞ্চলের ভূমি কমিশনের আইন সংশোধন না করে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করা সম্ভব নয়। গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পংকজ ভট্টাচার্য বলেন, রাষ্ট্র কখনো মেহনতি, গরিব, পিছিয়ে পড়া, খেটে খাওয়া মানুষের কথা বলে না। তিনি ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলামের অপসারণ দাবি করে বলেন, যিনি কমিশনের আইন জেনেও আইন অনুযায়ী কাজ করেন না, তাঁর সে পদে থাকার কোনো অধিকার নেই।অনুষ্ঠানে অন্যদের মধ্যে আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন, সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান উপস্থিত ছিলেন।