পার্বত্য চট্টগ্রামকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার থেকে রাঙামাটি শহরের ব্যায়ামাগার চত্বরে ‘পার্বত্য চট্টগ্রাম উৎসব’ শীর্ষক পাঁচ দিনব্যাপী আয়োজন করা হয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) এ মেলার আয়োজক।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, কাপ্তাই বাঁধ সৃষ্টির পর থেকে পার্বত্য চট্টগ্রামে কৃষি জমির সংকট চলছে। তবে এখানে বিভিন্ন ফলদ বাগান গড়ে উঠেছে। বাঁশ-বেতসহ রয়েছে অনেক প্রাকৃতিক সম্পদ। এই অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নে শিল্প উন্নয়ন ঘটাতে হবে। এ অঞ্চলের দ্রুত অর্থনৈতিক উন্নয়নে বিশেষ জোন স্থাপনে সরকারের কাছে জোর দাবি জানান তিনি।রাঙামাটি জেলার মানিকছড়ি এলাকায় বিসিকের শিল্প নগরে পুঁজির অভাবে অনেক প্লট খালি পড়ে রয়েছে বলে উল্লেখ করে নিখিল কুমার চাকমা বলেন, প্লট পাওয়া শিল্প-উদ্যোক্তাসহ স্থানীয় উদ্যোক্তাদের ঋণ দিয়ে ব্যাংকগুলো সহযোগিতা করতে পারে।বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম জানান, পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব ও সম্পদের বিশেষত্ব বিবেচনা করে বিশেষ অর্থনৈতিক জোন স্থাপনে পরিকল্পনা নিয়েছে সরকার।পার্বত্য চট্টগ্রাম উৎসব শীর্ষক এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিবের সভাপতি শেখ মোহাম্মদ আবদুস সোবহান। এ সময় সরকারি-বেসরকারি ১১টি বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বেশ কয়েকজন উদ্যোক্তার মধ্যে ঋণের চেক দেওয়া হয়।