পার্বত্য চট্টগ্রামকে শাসকগোষ্ঠী উপনিবেশ হিসেবে শাসন করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, স্বাধীন দেশেও শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে উপনিবেশ হিসেবে শাসন করছে। সে জন্য এখানে স্বাধীনতার জন্মলগ্ন থেকে সেনাশাসন চলছে। এখনো ‘অপারেশন উত্তরণের’ নামে এখানকার নাগরিকদের সেনা কর্তৃত্বের মধ্যে রাখা হয়েছে।
সন্তু লারমা গতকাল শুক্রবার বান্দরবান জেলা শহরের উপকণ্ঠে ফারুকমুন বমপাড়ায় পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সম্মেলনে আরও বক্তব্য দেন জেএসএসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কে এস মং মার্মা, সহ-তথ্য ও প্রচার সম্পাদক লয়েল ডেভিড বম, জেলা জেএসএসের সভাপতি সাধুরাম ত্রিপুরা মিল্টন, রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মার্মা, মহিলা সমিতির জেলা সভানেত্রী ওয়াই চিংপ্রু মার্মা, পিসিপির কেন্দ্রীয় সভাপতি জ্যোতিষ্মান চাকমা প্রমুখ। সভাপতিত্ব করেন পিসিপির জেলা সভাপতি মংস্তু মার্মা।
পার্বত্য চট্টগ্রামের মানুষের সঙ্গে শাসকগোষ্ঠী যুগ যুগ ধরে ছলনা, প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করে আসছে উল্লেখ করে সন্তু লারমা বলেন, আওয়ামী লীগ সরকারও ১৭ বছর ধরে পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করে পার্বত্যবাসীর সঙ্গে প্রতারণা করছে। এ জন্য পার্বত্য চট্টগ্রামের মানুষ, বিশেষ করে আদিবাসীরা শ্বাসরুদ্ধকর অস্বাভাবিক জীবন যাপন করছে।
তাঁর বান্দরবান সফরের প্রতিবাদে জাগো পার্বত্যবাসীর ব্যানারে বিএনপি-আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীর হরতাল আহ্বানের প্রসঙ্গে সন্তু লারমা বলেন, এ কর্মসূচিই প্রমাণ করে ঔপনিবেশিক ও সেনাশাসনের কারণে স্বাধীন দেশেও পার্বত্যবাসী এখন নিজভূমে অবাঞ্ছিত নাগরিকে পরিণত হতে চলেছে। পার্বত্যচুক্তি বাস্তবায়নের প্রতিবন্ধকতা হিসেবে দেখানোর জন্য এ রকম করা হচ্ছে।