পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টির জন্য প্রশাসনের একটি অংশ দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টির জন্য প্রশাসনের একটি অংশ দায়ী। সাম্প্রতিক সংঘর্ষের সময় সেনা কর্মকর্তাদের উপস্থিত থাকার যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখা দরকার। গতকাল শুক্রবার আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। সাংসদেরা বলেন, আসল দাঙ্গাকারীদের চিহ্নিত করে শাস্তি এবং গ্রেপ্তার হওয়া নিরীহ ব্যক্তিদের ছেড়ে দিতে হবে।ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন শিক্ষা মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, ১৯৭৮ সাল থেকে পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের নিয়ে গিয়ে আদিবাসীদের জমিতে বসতি স্থাপনে সহায়তা দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন কোম্পানি, সামরিক-বেসামরিক কর্মকর্তারা লাখ লাখ একর জমি দখল করে নিয়েছেন। তিনি বলেন, আগে সংঘটিত হামলাগুলোর বিচার হলে এখন এ পরিস্থিতির সৃষ্টি হতো না।ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, প্রশাসনের নাকের ডগায় সহিংস ঘটনা ঘটেছে। এতে বোঝা যায়, হামলা উদ্দেশ্যমূলক। সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, আদিবাসী পুলিশকে পার্বত্য চট্টগ্রামে পাঠানো দরকার।আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি কমিশন কার্যকর করাসহ ছয় দফা দাবি সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।