পার্বত্য চট্টগ্রামে আবারও অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঘটছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের পার্বত্য চট্টগ্রামে আবারও অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঘটার ব্যাপারে গত শুক্রবার প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন উল্লেখ করে বলেন, সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামকে আবার অশান্ত করার জন্য চক্রান্তে লিপ্ত রয়েছে। তারা আবার এখানে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঘটাচ্ছে। এসব অবৈধ অস্ত্র উদ্ধার এবং চাঁদাবাজ ও সন্ত্রাসীদের যেকোনো মূল্যে প্রতিহত করে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা হবে।

যোগাযোগমন্ত্রী গতকাল শনিবার বান্দরবানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে এক সভায় এ কথা বলেন। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। এ সময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈচিং ও জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

ওবায়দুল কাদের পার্বত্য চট্টগ্রামে এখনো পুরোপুরি শান্তি ফিরে আসেনি উল্লেখ করে বলেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনা ১৯৯৭ সালে পার্বত্যচুক্তি করে শান্তির পায়রা উড়ালেও এখনো অশান্তির বাতাবরণ রয়েছে। পাহাড়কে অশান্ত করার জন্য একটি মতলবি মহল চক্রান্ত করছে। তারা বাঙালিদের সঙ্গে উপজাতিদের ও উপজাতিদের সঙ্গে উপজাতিদের সংঘাত বাধিয়ে ফায়দা লোটার এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

জেলা আওয়ামী লীগের সভায় দলের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদেরকে বান্দরবানে কোনো দলীয় কোন্দল নেই জানানো হয়েছে। তবে প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা দাবি করেছেন, জেলা কমিটি অবৈধভাবে তাকে জেলা সভাপতির পদ থেকে বহিষ্কার করে ক্যশৈহ্লা মারমাকে সভাপতি করেছে। কিন্তু এখনো জেলা সভাপতি হিসেবে তাঁর সঙ্গে কেন্দ্রীয় কমিটির নিয়মিত দাপ্তরিক যোগাযোগ অব্যাহত রয়েছে।