পার্বত্য চট্টগ্রামে আরও ব্যাপক আকারে কাজ করবে জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিন্স বলেছেন, পার্বত্য চট্টগ্রামে আরও ব্যাপক আকারে কাজ করবে জাতিসংঘ।
গতকাল বুধবার বান্দরবানে সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, আইনজীবী, উন্নয়নকর্মী ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা বলেন, বান্দরবান পার্বত্য জেলা শিক্ষায় সবচেয়ে অনগ্রসর। এ জন্য শিক্ষার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা নিতে হবে।
জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা ইউএনডিপির প্রতিনিধিকে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিন্স বলেন, ইউএনডিপি ১২ বছর ধরে পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিভাগের উন্নয়নের চেষ্টা করেছে। এখন ইউনিসেফসহ জাতিসংঘের ২৪টি সংস্থা সংশ্লিষ্ট বিভাগে উন্নয়নকাজ করবে।
মতবিনিময়ের সময় ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন তহবিলের (সিএইচটিডিএফ) প্রধান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবাট স্টলম্যান ও পরামর্শক প্রসেনজিৎ চাকমা উপস্থিত ছিলেন।
এ ছাড়া রবার্ট ওয়াটকিন্স গতকাল জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমদ চৌধুরী, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী ও পুলিশ সুপার মিজানুর রহমানের সঙ্গে তাঁদের কার্যালয়ে গিয়ে মতবিনিময় করেন।