পার্বত্য চট্টগ্রামে আড়াই শ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

বাংলাদেশের এক-দশমাংশ এলাকা পার্বত্য চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের আধার। তবে শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য সুবিধায় এ অঞ্চল অনেক পিছিয়ে। এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিশেষ উন্নয়ন উদ্যোগ দরকার।
আজ রোববার রাজধানীর একটি হোটেলে এ উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলেন সরকারের মন্ত্রী, সচিব, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, ইউএনডিপি ও অন্যান্য আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলো পাহাড়ি এ জনপদে শুরু করছে উন্নয়ন জোরদারকরণ প্রকল্প (এসআইডি-সিএইচটি)। আজ এ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। এ বছর থেকে শুরু হয়ে ২৪৯ দশমিক ৮৭ কোটি টাকার এ প্রকল্প চলবে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত।
দুই দশকের সশস্ত্র আন্দোলনের পর ১৯৯৭ সালে স্বাক্ষরিত হয় পার্বত্য চট্টগ্রাম চুক্তি। এরপর ২০০৩ সাল থেকে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) নেতৃত্বে শুরু হয় দাতাদের ১ হাজার ২০০ কোটি টাকা উন্নয়ন প্রকল্প। এটি চলে ২০১৬ সাল পর্যন্ত। পার্বত্য এলাকায় বিভিন্ন জাতিসত্তার মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং পিছিয়ে পড়া এ জনপদে আর্থসামাজিক উন্নয়নই ছিল এ কর্মসূচির অংশ। এ অঞ্চলের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে বড় উন্নয়ন কর্মসূচি। আজকের সভায় প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, পার্বত্য এলাকায় উল্লেখযোগ্য পরিমাণে উন্নতি হলেও নানা সামাজিক সূচকে এ অঞ্চল এখনো পিছিয়ে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তবে দেশের এক-দশমাংশ এলাকাকে বাদ দিয়ে এ লক্ষ্য পূরণ হবে না।
প্রতিমন্ত্রী বলেন, ‘পাহাড়ের উন্নয়নে খোলা মন নিয়ে এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘পাহাড়ের একেবারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কতটুকু উন্নয়ন হয়েছে, সে বিষয়ে আমাদের দৃষ্টি দিতে হবে।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ের মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, ‘পাহাড়ের যথেষ্ট উন্নয়ন হয়েছে। তবে আরও উন্নয়ন দরকার।’
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে আজকের অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউএনডিপির ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর কিয়োকো ইয়োকোসুকা, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন তালুকদান, নতুন এ প্রকল্পের ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার প্রসেনজিৎ চাকমা, ডানিডার হেড অব কো-অপারেশন পিটার বোগ জনসন প্রমুখ